দুই সিটির ১৩ ভবন মালিককে জরিমানা

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক অ্যাডিস মশার বংশবিস্তার রোধে ঢাকার দুই সিটি করপোরেশনে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনে অভিযানের ৪র্থ দিনে গতকাল ৮৯টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৯টিতে অ্যাডিস মশার লার্ভা পাওয়ায় ৯ ভবন মালিককে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। এ নিয়ে গত চার দিনে মোট ২৪৩টি ভবনে অভিযান চালিয়ে ৩১টিতে অ্যাডিসের লার্ভা পাওয়ায় ৩১ ভবন মালিককে মোট ৬ লাখ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বনানী এলাকায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। অভিযানকালে বনানী এলাকার চারটি ভবন নির্মাণ প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সংস্থাটি নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে গতকাল এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।