মাঠের লড়াইয়ে বেশ আগ্রাসী। তবে মাঠের বাইরে দারুণ বন্ধুত্ব। এমনটা শোনা যায় ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের সম্পর্ক নিয়ে। তবে কখনো মাঠের বাইরেও আগ্রাসী হয়ে যান চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ক্রিকেটাররা। ১৯ বছর আগে শহীদ আফ্রিদির সঙ্গে তেমনই একটি ঘটনা শোনালেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান।
২০০৬ সালে পাকিস্তান সফরে যায় ভারতীয় ক্রিকেট দল, যা ছিল ২২ বছর বয়সী ইরফানের দ্বিতীয় পাকিস্তান সফর। অন্যদিকে ততদিনে আন্তর্জাতিক ক্রিকেটের বড় তারকা বনে গেছেন আফ্রিদি।
লাল্লানটপকে দেওয়া সাক্ষাৎকারে ইরফান যে গল্প শোনালেন, তা অনেকটা খুনসুটির সীমানা ছাড়িয়ে গিয়েছিল। ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, “২০০৬ সালের সফরে আমার করাচি থেকে লাহোর যাচ্ছিলাম। দুই দল একই ফ্লাইটে ছিল। আফ্রিদি আমার কাছে এসে হাত দিয়ে আমার চুল এলোমেলো করে দিয়ে বললো, ‘কেমন আছো বাবু? তুমি আমার বাপ হলে কবে থেকে…!!!’ অথচ বাচ্চার মতো আচরণ করছিল সে নিজেই। সে তো আমার বন্ধু নয়! কিছু এরপর কিছু অপমানজনক কথাও বলছিল।”
সেই সময় পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের সঙ্গে কথোপকথনের মাধ্যমে আফ্রিদিকে কড়া জবাব দিয়েছিলেন ইরফান। তিনি বলেন, “আব্দুল রাজ্জাক তখন আমার সঙ্গে বসে ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, পাকিস্তানে কোনো ধরনের মাংস পাওয়া যায়। সে আমাকে নানা ধরনের মাংসের কথা জানালো। তখন আমি জানতে চাইলাম, কুকুরের মাংস পাওয়া যায় কি না। রাজ্জাক তো অবাক হয়ে জিজ্ঞেস করল, ‘এটা বলছো কেন?”
“আমি তখন বললাম, ‘সে (আফ্রিদি) তো কুকুরের মাংস খেয়েছে, এজন্য এতক্ষণ ধরে শুধু ঘেউ ঘেউ করছে।’ আফ্রিদি শুনে আর কিছু বলতে পারেনি। সে যদি তখন কিছু বলতো, আমি আবার বলতাম, ‘দেখো, আবার ঘেউ ঘেউ শুরু করেছে।’ কিন্তু সে পুরো ফ্লাইটে আর কথা বলেনি।” আরও যোগ করেন ইরফান।
ইরফান পাঠান বলেন, “এই ঘটনা থেকে সে (আফ্রিদি) বুঝে গিয়েছিল, কথার লড়াইয়ে আমার সঙ্গে জিততে পারবে না। এজন্য আর কখনও আমাকে সে কিছু বলেনি।”