মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়া বিশ্ব ব্যবস্থা গড়তে কাজ করছেন যা হবে উদার। তিনি বিশ্বে স্থিতিশীলতা নষ্টের জন্য চীন ও ইরানকে দায়ী করেন। গতকাল মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে কূটনীতিকদের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন মাইক পম্পিও। খবর রয়টার্সের
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নেতৃত্ব থেকে সরে আসেনি এবং বন্ধুদেরও ত্যাগ করেনি উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটি উদার বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চাইছেন যেখানে যুদ্ধ থাকবে না, প্রত্যেক জাতি উন্নত হবে। যুক্তরাষ্ট্র এককভাবে খেলছে এমন বক্তব্য অস্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী ইরান ও চীনের সমালোচনা করেন। তিনি বলেন, আমাদের অনেক ইউরোপীয় বন্ধুও বলে যে মুক্ত বিশ্বের জন্য আমরা কাজ করছি না যা ঠিক নয়। মাইক পম্পিওর মতে, যুক্তরাষ্ট্র স্বচ্ছতার সঙ্গে সার্বভৌমত্বকে গুরুত্ব দিয়ে মুক্ত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে সবার স্বাধীনতা থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প কেবল যুক্তরাষ্ট্রের জন্য নয়, সারা বিশ্বের গণতন্ত্রের জন্য কাজ করছেন। চীনের মতো দেশগুলোতে যাতে আর্থিক বিনিয়োগ কমায় সেজন্য বিশ্ব ব্যাংক এবং আইএমএফকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র-জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।