অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ ৪ শিক্ষার্থী,  হাসপাতালে ভর্তি ১

ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন না হওয়ায় অধিকার আদায়ের আন্দোলনে আমরণ অনশনে নেমেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। রোববার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অনশনে ইতিমধ্যে চারজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এরমধ্যে আজ দুপুর ১২টার দিকে জাহিদ হাসান জয় নামের এক শিক্ষর্থীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

অনশনরত শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পরেও ছাত্র সংসদের কোনো নির্বাচন হয়নি। এতে শিক্ষার্থীরা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি, দ্রুত ব্রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা। এই ম্যাপ ঘোষনা না করা পর্যন্ত তাদের অনশন অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা।

অনশনরত শিক্ষার্থী আশিকুর রহমান জানান, সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টা পর্যন্ত মোট চারজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে রোববার দিবাগত রাত ১২টার দিকে সমাজবিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের মাহিদুল ইসলাম মাহিদ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের রুম্মানুল ইসলাম রাজ অসুস্থ হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তারা রাজি হননি। সেখানেই স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হয়। 

অনশনে অংশ নেওয়া ৯ শিক্ষার্থী হলেন হলেন শিবলী সাদিক, জাহিদ হাসান জয়, কায়সার, মাহিদুল ইসলাম মাহিদ, আশিকুর রহমান, নয়ন মিয়া, আরমান হোসেন, আতিকুর রহমান ও রুম্মানুল ইসলাম রাজ। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও তাদের পাশে দাঁড়িয়েছেন।