খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনছারের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এবার বিশ্ববিদ্যালয়ের আরও এক ছাত্রী অভিযোগ করেছেন যে, অধ্যাপক একান্ত সাক্ষাৎ, গাড়িতে ভ্রমণের প্রস্তাব এবং অশোভন আচরণে তাকে বিব্রত করেছেন।
রোববার (১৭ আগস্ট) দুপুরে ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে তিনি ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন এবং কথোপকথনের স্ক্রিনশটও সংযুক্ত করেছেন।
ছাত্রী বলেন—“সম্প্রতি স্যারের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখে আমার অভিজ্ঞতার সঙ্গে মিল পাই। তিনি আমাকে বারবার মেসেজ দিতেন, বিভিন্ন বিষয় জানতে চাইতেন। এমনকি গাড়িতে তোলার প্রস্তাবও দিয়েছেন, যা আমি এড়িয়ে গেছি। উনি আমার বাবার বয়সী মানুষ, তারপরও এভাবে কথা বলতেন! উনি বলতেন— ‘মেয়েরা শাড়ি পরে এলেই ফুল মার্কস।’, যা ক্লাসের সবাই জানে।’’
তবে অভিযোগ অস্বীকার করে অধ্যাপক রুবেল আনছার বলেন—“আমি এই ছাত্রীকে চিনি। তবে ঠিক কোন প্রসঙ্গে কী কথা হয়েছিল, তা মনে নেই।”
ভুক্তভোগী ছাত্রীর মা ক্ষোভ প্রকাশ করে বলেন—“আমার মেয়ে এ ঘটনা জানানোর পর থেকে মানতে পারছি না। মেয়ে পড়াশোনা করতে বিশ্ববিদ্যালয়ে গেছে, শিক্ষক যদি এমন আচরণ করেন, তাহলে মেয়েরা কোথায় যাবে? আমার মেয়ে সাহস করে বলেছে, কিন্তু অনেকেই লজ্জা ও ভয়ে মুখ খোলে না। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই।”
এ বিষয়ে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতি মোছা. তাসলিমা খাতুন বলেন— “ওই শিক্ষকের বিরুদ্ধে নতুন একটি অভিযোগ এসেছে। আমাদের সাত সদস্যের কমিটি এ নিয়ে কাজ করবে। দ্রুতই মিটিং ডাকা হবে।”
অন্যদিকে ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন—“আরও একটি অভিযোগ আমরা পেয়েছি। যেহেতু তদন্ত চলছে, এ বিষয়ে মন্তব্য করব না। তবে নিয়ম অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হয়।”
উল্লেখ্য, এর আগেও একই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এবার নতুন অভিযোগের ঘটনায় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে।