শুধুমাত্র প্রশিক্ষণ বা বাস্তবজ্ঞানের মাধ্যমে একজন ব্যক্তি ব্যবস্থাপক হতে পারেন
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
প্রিয় একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ শুভাশিস রইল। উচ্চতর শিক্ষার জন্য তোমাদের জন্য এপর্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। ভালো ফলাফলের উপর নির্ভর করবে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি। সেখানে রয়েছে তুমুল প্রতিযোগিতা তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। কোনো অধ্যায়কে কম গুরুত্বপূর্ণ মনে করে ফেলে রাখলে হবে না। জানতে হবে প্রতি বিষয়ের মূলতত্ত্ব ও তথ্যগুলো। পাশাপাশি পড়তে হবে সাধারণ জ্ঞানের বিষয়গুলোও। আজ তোমাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয়পত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো।
উদ্দীপক: ফয়সাল মাহমুদ চৌধুরী ফাহাদ একটি প্রাইভেট লি: কোম্পানী গঠনে উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে উক্ত কোম্পানী পাবলিক লি: কোম্পানীতে রূপান্তর হয়। বর্তমানে তিনি কোম্পানীর এমন একটি পদে পদায়ন রয়েছেন যাতে মানসিক ও বুদ্ধিভিত্তিক কার্য বেশি হয়ে থাকে। তবে এই কাজ করতে যেয়ে তিনি দেখলেন যে, ছোট বড় সকল প্রতিষ্ঠান যেমনি কেউ না কেউ পরিচালনা করে, ঠিক তেমনি একটি পরিবারেও কেউ পরিচালক থাকেন, সমাজপতি সমাজ পরিচালনা করেন, আর রাষ্ট্র পরিচালনা সরকারের হাতে ন্যস্ত। গ্রীক দার্শনিক সক্রেটিস এমনটিই ইঙ্গিত দিয়েছেন।
ক) ব্যবস্থাপনা চক্র কী?
খ) ব্যবস্থাপনা কি একটি পেশা বলা যায়?
গ) উপরের উদ্দীপকে মি: ফাহাদ কোন স্তরের ব্যবস্থাপক? আলোচনা করো।
ঘ) ব্যবস্থাপনার দৃষ্টিকোণ হতে উদ্দীপকের সর্বশেষ কার্যটির যথার্থতা মূল্যায়ন করো?
উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর: পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, প্রেষণা, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যবস্থাপনার কার্য চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলা হয়।
উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর: তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে রাষ্ট্র স্বীকৃত কোনো সংঘের সদস্য হয়ে নির্দিষ্ট আচরণ বিধি মেনে কোনো কাজে লিপ্ত থাকাকে পেশা বলা হয়।
বর্তমানে ব্যবস্থাপনা সুসংবদ্ধ জ্ঞানের সাথে সম্পৃক্ত হলেও এর রাষ্ট্র স্বীকৃত কোনো সংঘ নেই। তাছাড়া তাত্ত্বিক বা কোনো ডিগ্রী অর্জন না করেও শুধুমাত্র প্রশিক্ষণ বা বাস্তবজ্ঞানের মাধ্যমে একজন ব্যক্তি ব্যবস্থাপক হতে পারেন। তাই একজন ব্যবস্থাপকের তাত্ত্বিক ও ব্যবহারিক বা বাস্তবজ্ঞান দুটো না থাকাতে ব্যবস্থাপনাকে সম্পূর্ণ পেশা বলা যায় না। আমাদের দেশে ব্যবস্থাপনা পুরোপুরি পেশাগত মর্যাদা লাভে সমর্থ না হলেও দিনদিন এর সম্ভাবনা বাড়ছে।
উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর: উপরের উদ্দীপকে ফয়সাল মাহমুদ চৌধুরী ফাহাদ উচ্চস্তরের ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতি নির্ধারণ এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য, কৌশল, পরিকল্পনা প্রণয়ন এবং মানসিক ও বুদ্ধিভিত্তিক কার্যের সাথে যে বা যারা সম্পৃক্ত থাকেন তাদেরকে উচ্চস্তরের ব্যবস্থাপক বলা হয়।
উপরের উদ্দীপকে ফয়সাল মাহমুদ চৌধুরী ফাহাদ কোম্পানী গঠনের উদ্যোগ গ্রহণ করেন, পরবর্তীতে রূপান্তরিত পাবলিক লি: কোম্পানীর মানসিক ও বুদ্ধিভিত্তিক কার্যের সাথে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ পদে পদায়ন রয়েছেন। মানসিক ও বুদ্ধিভিত্তিক কার্য বলতে পরিকল্পনা প্রণয়ন এবং নীতি নির্ধারণি কার্যকে বোঝায় সেই হিসেবে তিনি উচ্চস্তরের ব্যবস্থাপক।
উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর: উদ্দীপকের সর্বশেষ কার্যটিতে ব্যবস্থাপনা সর্বজনীনতার কথা বলা হয়েছে।
ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার উপস্থিতিকে বোঝায়। অর্থাত্ পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে ব্যবস্থাপনা উপস্থিতিকে ব্যবস্থাপনার সর্বজনীনতা বলা হয়।
ব্যবস্থাপনা প্রক্রিয়ায় সম্পাদিত সব কাজ যেমন পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, প্রেষণা, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ যেমন বড় ধরণের প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য তেমনি এটি সাধারণ প্রতিষ্ঠানেও লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন হয়। উপরের উদ্দীপকে পরিবার সমাজ এমন কী রাষ্ট্রে ব্যবস্থাপনা বিদ্যমানের কথা উল্লেখ করা হয়েছে। তাই গ্রীক দার্শনিক সক্রেটিস প্রায় আড়াই হাজার বছর পূর্বে বলেছিলেন,“ব্যবস্থাপনা একটি সর্বজনীন বিষয়”।
পরিবারের প্রধান পরিকল্পিতভাবে পরিবারের অন্যান্য সদস্য ও উপকরণাদির ব্যবহার নিশ্চিত করে লক্ষ্য অর্জন করতে পারেন। একজন রাষ্ট্র প্রধান ও দেশের জনগণও সহায় সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করে রাষ্ট্রীয় লক্ষ্য অর্জন নিশ্চিত করতে পারেন। ছোট বড় সকল প্রতিষ্ঠানে পরিকল্পনা সংগঠন ও নিয়ন্ত্রণ পর্যন্ত সম্পাদিত কার্যে ব্যবস্থাপনার প্রয়োজন হয়। তাই ব্যবস্থাপনা একটি সর্বজনীন বিষয়- এটি যথার্থ।