একাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনের ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্রের গেজেট প্রকাশের কাজ শেষ করেছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশের ৮(২) অনুযায়ী, ভোটের অন্তত ২৫ দিন আগে অর্থাত্ ৪ ডিসেম্বরের মধ্যে আসনভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর ভোট হবে। এ বিষয়ে ইসির উপ-সচিব আব্দুল হালিম খান জানিয়েছেন, ১০ কোটি ৪২ লাখ ৪০ হাজার ভোটারের জন্য ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হয়েছে।
গত আগস্টে ৪০ হাজার ৬৫৭টি সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা হয়। সর্বশেষ দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১৯ লাখ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭টি। ৩০০ আসনে ভোটকক্ষ ছিল এক লাখ ৮৯ হাজার ৭৮টি। এবার দেশের ১০ কোটি ৪২ লাখ ভোটারের জন্য প্রায় ৪০ হাজার ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকবে দুই লাখেরও বেশি।
ইসি উপ-সচিব বলেন, রিটার্নিং কর্মকর্তার পাঠানো ৩০০ আসনের সংশ্লিষ্ট কেন্দ্রের বিষয়ে নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে। ১ ডিসেম্বর থেকে কেন্দ্রের গেজেট প্রকাশ শুরু হয়েছে। নির্ধারিত সময়ে সব আসনের কেন্দ্রের গেজেট প্রকাশের জন্য প্রেসেও পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে উপ-সচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত আসনভিত্তিক কেন্দ্রের গেজেটে ভোটকেন্দ্রের ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও অবস্থান, ভোটকক্ষের সংখ্যা, ভোটার এলাকা, পুরুষ ও মহিলাসহ মোট ভোটার সংখ্যা উল্লেখ রয়েছে।
বিজি প্রেসের ওয়েবসাইটে দেখা যায়, ১ ডিসেম্বর গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ-৩ আসন দিয়েই কেন্দ্রের গেজেট প্রকাশ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ৩০০ আসনের গেজেট গতকাল মধ্যরাতের মধ্যে প্রকাশ করা হয়েছে।
এবার শটগানসহ বডিগার্ড চান ইসি সচিব
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে শটগানসহ আরেকজন নিরাপত্তা রক্ষী চেয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তার নিরাপত্তা আরও জোরদার করার জন্য শটগানসহ নিরাপত্তা রক্ষী চাওয়া হয়েছে। যদিও বর্তমানে পিস্তলসহ একজন নিরাপত্তারক্ষী রয়েছে। ইসি সচিবের একান্ত সচিব মোঃ আল মামুন এ সংক্রান্ত চিঠি গতকাল ডিএমপি কমিশনারকে পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, বর্তমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ নির্বাচনের কাজে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন। সচিবের নিরাপত্তার জন্য ডিএমপি প্রটেকশন বিভাগ নিযুক্ত পিস্তলসহ একজন দেহরক্ষী বর্তমানে কর্মরত রয়েছেন। জাতীয় নির্বাচন চলাকালে এবং নির্বাচনের কিছুকাল সচিব মহোদয়ের জন্য নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে পিস্তলসহ দেহরক্ষী/গানম্যানের পাশাপাশি শটগানসহ আরো একজন দেহরক্ষী/গানম্যান নিযুক্ত করা প্রয়োজন।