ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে আয়োজন করা হয়েছে শিক্ষা, গণমাধ্যম ও গণসংস্কৃতি নিয়ে কাজের উদ্দেশ্যে সৃষ্ট সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কৃষ্টির প্রথম আয়োজন বাংলা গানের পরম্পরা। আজ বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত গান, গল্প এবং সন্ধ্যা ৭টায় নিজের গান গাইবেন ‘মাঈনুদ্দিন কেমন আছো’ খ্যাত সংগীতগুরু শুভেন্দু মাইতি। অনুষ্ঠান শুরুর আগে বিকেল ৪টায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন শুভেন্দু মাইতি। জানাবেন নিজের চিন্তা দর্শনের আদ্যোপান্ত। মানুষ ও সংগীতকে ভালোবেসে গণসংগীতের প্রেমে পড়েন শুভেন্দু মাইতি। জড়িয়ে পড়েন রাজনীতিতেও। ষাটের দশকে তিনি কলকাতায় উচ্চতর শিক্ষা গ্রহণের সময় প্রেমে পড়েন কবিতার। প্রিয় হয়ে ওঠেন কবিতাপ্রেমীদের। এরপর নজর দিতে শুরু করেন নতুন বাংলা গানে। সুমন চট্টোপাধ্যায়, নচিকেতা প্রমুখ শিল্পীকে হাত ধরে নিয়ে আসেন শ্রোতাদের সামনে। তাঁর ব্রত হয়ে ওঠে নতুন সংগীতশিল্পীদের দীক্ষা। এখনো সেই লক্ষ্যে অটল তিনি। ২০০৬ সালে গড়ে তোলেন লালন একাডেমি। যে প্রতিষ্ঠানের মাধ্যমে গড়েছেন বাংলা গানের আর্কাইভ। আজকের কৃষ্টির এই আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।