স্টেজ ও টিভি শো নিয়ে রিফাতের ব্যস্ততা

এ সময়ের ব্যস্ত উপস্থাপক সোনিয়া রিফাত। একইসঙ্গে বেশ ক’টি চ্যানেলে শো করছেন তিনি। এর ভেতরে উল্লেখযোগ্য শো হলো এনটিভিতে ‘শুভ সন্ধ্যা’ ও ‘জানার আছে বলার আছে’। নাগরিক টিভির লেট নাইট লাইভ শো ‘নাগরিক ক্যাফে’।  এছাড়া এবারের ঈদ উপলক্ষে বেশকিছু টিভি শো করছেন সোনিয়া রিফাত। নিজের উপস্থাপনা ক্যারিয়ার প্রসঙ্গে রিফাত বলেন, ‘বিভিন্ন ধরনের অনুষ্ঠান হওয়ার কারণে নিজের জানার পরিধিটাও বাড়ছে। সেক্ষেত্রে প্রতিটি শোয়ের আগে আমি যে পরিমাণ স্টাডি করি তাতে নিজেকে সমৃদ্ধ করে তুলতে পারি।’ এর বাইরে টানা কয়েক মাস বাংলাভিশনের ‘সকাল বেলার রোদ্দুর’-এর উপস্থাপনা করেছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি বেশকিছু প্রডাক্ট মডেলিংয়ের কাজ করেছেন রিফাত। তবে উপস্থাপক থেকে চিত্রনায়িকা হিসেবে রূপান্তরের একাধিক উদাহরণ থাকায় সোনিয়া রিফাতের কাছেও একাধিক অফার এসেছে এরই ভেতরে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন নিজেকে তৈরি করতে চাই । আপাতত স্টেজ ও টিভিতে উপস্থাপনা নিয়েই নিজেকে ব্যস্ত রাখতে চাই । ফিল্মের কাজের ক্ষেত্রটা অনেক বড়, নিজেকে সেভাবে প্রস্তুত করেই ভালো কিছু করতে চাই।’