ভারতের কোচ হতে চান হেসন

পরিবারকে আরো সময় দেওয়ার জন্য নিউজিল্যান্ড দলের দায়িত্ব ছেড়েছিলেন মাইক হেস। কিন্তু এখন তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হতে চান। প্রধান কোচসহ কোচিং স্টাফ নিয়োগের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তার পরিপ্রেক্ষিতে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে হেসন প্রধান কোচ হিসেবে আবেদন করতে যাচ্ছেন। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস একাদশ পাঞ্জাবের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন হেসন। এর আগে তিনি নিউজিল্যান্ড জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন এবং তার অধীনে কিউইরা প্রথমবার ২০১৫ বিশ্বকাপ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। কিংস একাদশ পাঞ্জাবের দায়িত্ব নেওয়ার আগে তিনি ২০১৮ সালে নিউজিল্যান্ড কোচের দায়িত্ব ছেড়ে দেন। ক্রিকেটনেক্সট প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, ‘ভারতীয় দলের প্রধান কোচ পদের জন্য আবেদন করতে হেসন খুবই আগ্রহী। কিংস একাদশের হয়ে কাজ করতে ইতিমধ্যে তিনি দুই মাস ভারতে কাটিয়েছেন একই সঙ্গে ধারাভাষ্যকার হিসেবেও। নিউজিল্যান্ড দলে সফল হওয়ার পর তিনি ভারতের মতো হাইপ্রোফাইল দলের হয়ে কাজ করতে আগ্রহী।’