চলতি মৌসুমে নেইমার যেন এক ধারাবাহিক নাটকের অংশ। তাকে নিয়ে গুঞ্জন থামছে তো নাই, বরং প্রতিদিনই নতুন কিছু না কিছু খবর বেরোচ্ছে। সর্বশেষ জানা গেছে ব্রাজিল তারকাটিকে দলে ভেড়ানো নিয়ে মনকষাকষি চলছে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও কোচ জিনেদিন জিদানের মধ্যে।
রিয়াল সভাপতি চান নেইমারকে আনতে। তার বিশ্বাস এক বছর আগে ক্রিশ্চিয়ানো রোনালদো চলে যাওয়ার পর গণমাধ্যম ও বিপণনের বাজারে রিয়ালের যে ঘাটতি চলছে, তা পূরণ করা যাবে। কিন্তু ফরাসি ক্লাব পিএসজির ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ডটিকে আনা নিয়ে পেরেজের সঙ্গে দ্বিমত করছেন কোচ জিদান। এমনিতে গ্যারেথ বেলকে নিয়ে সমস্যা চলছে রিয়ালের। এটা যেন যথেষ্ট নয়, তাই নতুন সমস্যা হিসেবে যোগ হয়েছেন নেইমার।
পেরেজ জানেন প্যারিসে নেইমার পরিস্থিতি সুবিধের নয়। তাই খেলোয়াড়টিকে বিক্রি করতে হবে পিএসজির। ব্রাজিল ফুটবলারটিকে রিয়ালের কাছে বিক্রি করা পিএসজির জন্য কম জটিল। কেননা বার্সেলোনার সঙ্গে এ নিয়ে দরকষাকষি ভালো অবস্থায় নেই।
এখন নেইমারকে আনতে হলে এই গ্রীষ্মেই চুক্তি করতে হবে। নইলে পরে আর হবে না। কারণ বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারটি যদি প্যারিসে থাকতে বাধ্য হন, তাইলে ফিফার ক্ষতিপূরণ সংক্রান্ত নিয়ম অনুযায়ী বিদ্যমান চুক্তিতে ২০২০ সালে নেইমারের গন্তব্য হবে বার্সেলোনা।
জিদানকে এইসব বিষয় বুঝিয়ে বলেছেন পেরেজ। কিন্তু কোচের তরফে তাকে কঠিন এক ‘না’ শুনতে হয়েছে। কারণ জিদান বুঁদ হয়ে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পগবায়। পেরেজ আবার পগবাকে পছন্দ করেন না।
জিদান দ্বিতীয়বারের মতো রিয়ালে ফেরার পর নতুন যে পরিকল্পনা নিয়েছেন, তাতে এডেন হ্যাজার্ডই থাকবেন আক্রমণের কেন্দ্রবিন্দুতে। এর সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের মাঝে মধ্যেই প্রান্ত বদলে খেলবেন। সে হিসেবে জিদানের কৌশলগত পরিকল্পনায় নেইমারের কোনো স্থান নেই।
কিন্তু পেরেজের হিসাব ভিন্ন। তিনি চান অতীতের পুনরাবৃত্তি ঘটিয়ে নতুন গ্যালাকটিকো। ভূকম্পন ঘটানো কাউকে দলে টানা যাকে বিপণনও করা যাবে।
এদিকে নেইমারকে নিয়ে বার্সেলোনা ও পিএসজির মধ্যকার আলোচনা জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে বলে ইউরোপের গণমাধ্যমে খবর বেরিয়েছে। স্প্যানিশ ক্লাবটি নেইমারের জন্য কিছু অর্থ ও সঙ্গে একজন খেলোয়াড় মিলিয়ে চুক্তি করতে চায়। কিন্তু ফরাসি ক্লাবটি চায় নগদ অর্থ। এই নিয়েই বনিবনা হচ্ছে না ক্লাব দুটির মধ্যে।
পিএসজি অবশ্য জানিয়েছে আগস্টের শুরুর দিকেই তারা দক্ষিণ আমেরিকান খেলোয়াড়টির ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করবে। সাবেক সান্তোস খেলোয়াড় এখন পর্যন্ত পিএসজির হয়ে ৫৮ খেলায় ৫১ গোল করেছেন। ইনজুরির কারণে তিনি অবশ্য এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে খেলতে পারেননি।