প্রিমিয়ার ফুটবল শেষের পথে। চ্যাম্পিয়ন এবং রানার্সআপ সবই নির্ধারণ হয়ে গেছে। এমনকি বিজেএমসির রেলিগেশন হয়ে গেছে। এখন কয়েকটি ক্লাব বাফুফের লিগ কমিটিকে চিঠি দিয়ে দুইটি দলের পরিবর্তে একটি দলকে রেলিগেশন নিয়ম করার আবদার করেছে। অথচ লিগ শুরু হওয়ার আগেই লিগের ১৩ ক্লাবের কাছে পাঠানো বাইলজ পড়ে মনঃপূত হওয়ায় অনুমোদন দেওয়া হয়। তাদের আবদার বাফুফের নির্বাহী কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। আবেদনকারী ক্লাবর মধ্যে রয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব, রহমতগঞ্জ, রেলিগেশনের শঙ্কায় থাকা নোফেল। আর ব্রাদার্সের কথা হচ্ছে দুই দল নেমে গেলে চ্যাম্পিয়নশিপ হতে দুই দল উঠবে। তাতে ১৩ দলই থাকবে। বেজোড় দল না রেখে জোড় সংখ্যা দল রাখা যেতে পারে। রহমতগঞ্জ সুবিধাজনক স্থানে থাকার পরও ক্ষীণ শঙ্কায় রয়েছে। নোফেলর অবস্থা সবচেয়ে শোচনীয়। রেলিগেশন নিয়ে সাইফের কোনো ভাবনা নেই। চার নম্বরে রয়েছে। তারপরও সাইফ এই প্রক্রিয়ায় যোগ দেওয়ার কারণটা নাকি অন্য। গতকাল সিদ্ধান্ত হয়েছে ৩ আগস্ট লিগের শেষ ম্যাচ খেলবে বসুন্ধরা ও চট্টগ্রাম আবাহনী।