পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান তার ক্যারিয়ারের প্রথম ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ম্যাচে চরম ব্যর্থ হয়েছেন।
জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার শুক্রবার (২২ আগস্ট) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে মাঠে নেমেছিলেন। ব্যাট হাতে তিন নম্বরে নেমে তিনি ৬ বল খেলে মাত্র ৩ রান করে জুমেল ওয়ারিক্যানের বলে বোল্ড হন। এই ম্যাচটি ছিল তার দলের পঞ্চম খেলা এবং তারা বার্বাডোজ রয়্যালসকে ১২ রানে হারিয়েছে।
রিজওয়ান ব্যর্থ হলেও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ম্যাচে প্রথমে ব্যাট করে তারা ৮ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে। জবাবে বার্বাডোজ রয়্যালস ১৮.২ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায়। দলের জয়ের মূল নায়ক ছিলেন অধিনায়ক জেসন হোল্ডার, যিনি ব্যাট হাতে ২১ বলে ৩৮ রান করার পাশাপাশি বল হাতে ৩.২ ওভার বল করে ১৪ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন।
বর্তমানে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে, রিজওয়ানের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।