জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মিশেল ব্যাচলেট শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, সিরিয়ায় দেশটির সরকারি বাহিনী ও তাদের মিত্রদের বিমান হামলায় গত ১০ দিনে ২৬ শিশুসহ অন্তত ১০৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।
বিবৃতিতে মানবাধিকার সংস্থাটির প্রধান বলেছেন, স্কুল-কলেজ, হাসপাতাল, মার্কেট এবং মুদির দোকানসহ অন্যান্য বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে মিত্রদের সামরিক জোট। তিনি বলেন, এ ধরনের হামলাকে যদি কেউ দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চায়, তবে তা মেনে নেওয়া যায় না। কেননা বেসামরিক স্থাপনা লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে। তাই বিষয়টিকে কোনোভাবেই হালকা বলে ধরে নেওয়া যায় না। কারণ হামলাগুলোর ধরন ছিল ভয়াবহ।
আন্তর্জাতিক উদাসীনতার কারণে দেশটিতে দিনে দিনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে বলে বিবৃতিতে বলা হয়। দীর্ঘ আট বছর সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। এতে লাখ লাখ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত পাঁচ লাখ। দেশ ছাড়তে বাধ্য হয়েছে সিরিয়ার প্রায় অর্ধেক মানুষ। দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা উদ্বেগ জানালেও তা থামানো যায়নি।
গত ৪০ বছর ধরে ক্ষমতায় থাকা বাশার আল আসাদ সরকার পতনের লক্ষ্যে ২০১১ সালের জুলাইয়ে সামরিক বাহিনীর বিদ্রোহীরা ফ্রি সিরিয়ান আর্মি গঠনের ঘোষণা দেয়। এ ঘোষণার মধ্য দিয়েই সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। কিছুদিনের মধ্যেই সশস্ত্র সংঘাত ভয়ঙ্কর রূপ নেয়।