যুদ্ধ ছাড়াই কাশ্মির সমস্যার তিন থেকে চারটি সমাধান ভারত ও পাকিস্তানের কাছে আছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির সঙ্গে একটি পুরানো আলোচনার সূত্র ধরে এই কথা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল মঙ্গলবার ইসলামাবাদে টিভি সাংবাদিকদের সাক্ষাত্কার দিতে গিয়ে এই কথা বলেন ইমরান। প্রধানমন্ত্রী ইমরান বলেন, বাজপেয়ি প্রধানমন্ত্রী থাকাকালীন কাশ্মির সমস্যা সমাধানের খুব কাছে পৌঁছে গিয়েছিল দুই দেশ। যুদ্ধ নয়, আলোচনার ভিত্তিতেই কাশ্মির সমস্যার সমাধান আছে বলে তাকে জানিয়েছিলেন বাজপেয়ি। কিন্তু কী ছিল সেই সমাধানের পথ, তা খোলাসা করে জানাননি ইমরান খান। সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, সেই কথা বলার সময় আসেনি। ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, দু’টি পরমাণু অস্ত্রধর দেশের মধ্যকার যুদ্ধের ভয়াবহতার কথা মাথায় রেখেই ভারত এবং পাকিস্তান যুদ্ধ করবে না। - আনন্দবাজার পত্রিকা