ঝিনাইগাতীতে কান্দুলী আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো বসবাসের অনুপযোগী

ঝিনাইগাতী উপজেলার কান্দুলী আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো সংস্কার ও সম্প্রসারণের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করে আসছে এ প্রকল্পের বাসিন্দারা। নারী-পুরুষ, শিশুসহ প্রায় চার শতাধিক লোকের বসবাস এখানে। অভাব, অনটন, দুঃখ আর দুর্দশাই এদের নিত্যদিনের সাথী।

আশ্রয়ণ প্রকল্প কমিটির সভাপতি হারুন-উর-রশিদ ও সাধারণ সম্পাদক দুদু মিয়াসহ আশ্রয়ণের বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলে আশ্রয়ণের বাসিন্দাদের ঘুম হারাম হয়ে যায়। বৃষ্টির পানিতে তলিয়ে যায় ঘরের মেঝেগুলো। এখানে বসবাসকারীদের যাতায়াতের রাস্তা নেই। নলকূপ না থাকায় এখানে রয়েছে বিশুদ্ধ খাবার পানির অভাব। আশ্রয়ণে প্রবেশের রাস্তাটি সংস্কার করা হলেও নিম্নমানের কাজ করায় বছর না যেতেই খানা-খন্দকের সৃষ্টি হয়ে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রকল্পের ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। এখানে নেই শৌচাগার।