রাণীনগরের কালীবাড়ি হাটের ড্রেন-রাস্তা বেহাল

রাণীনগর উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী হাট রাণীনগর কালীবাড়ি হাট। এই হাটে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত কেনাকাটা হয়। উপজেলার আশপাশের বিভিন্ন গ্রামের কৃষকরা তাদের উত্পাদিত সবজি এই হাটে এনে প্রতিদিন খুচরা ও পাইকারি বিক্রয় করে।

স্থানীয় ব্যবসায়ী উজ্জ্বল হোসেন বলেন, প্রতিবছর সরকার এই হাট থেকে লাখ টাকা রাজস্ব হিসেবে আদায় করছেন। কিন্তু হাটের মান উন্নয়নের জন্য কারো কোনো দৃষ্টিপাত নেই। হাটের ড্রেনেজ ব্যবস্থা, সরু সরু রাস্তা ও কিছু কিছু শেডের দীর্ঘদিন যাবত্ কোনো সংস্কার না করায় সেগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু বলেন, বর্তমানে এই হাটের ড্রেনেজ ব্যবস্থাসহ সরু সরু রাস্তা ও কিছু কিছু শেডের অবস্থা খুবই খারাপ। আমার পরিষদের পক্ষ থেকে যতটুকু উন্নয়ন করা সম্ভব তা আমি সাধ্যমতো করার চেষ্টা করব। এ ছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এসব সমস্যার বিষয়ে অবগত করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, হাটের এই বেহাল অবস্থা সম্পর্কে অবগত হয়েছি। হাটের ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন সাধনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।