বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আগেই দল ঘোষণা করেছিল নেদারল্যান্ডস। সেই দলে কিছু পরিবর্তন এনেছে ডাচরা। নতুন করে দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাং।
চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। ব্যক্তিগত কারণে দলের বাইরে সাকিব জুলফিকার। তাদের জায়গায় দলে ফিরেছেন ডানহাতি পেসার সেবাস্তিয়ান ব্রাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।
অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে শুরু করে ঘরোয়া ক্লাব ক্রিকেট ও সদ্য শেষ হওয়া ‘প্রো সিরিজ’-এ নজরকাড়া পারফরম্যান্স করেছেন ডি ল্যাং। ১৭ বছর বয়সী এই ব্যাটারকে নিয়ে বেশ আশাবাদী ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তিনি বলেন, 'দলে নতুন কোনো তরুণকে নেওয়া সবসময়ই রোমাঞ্চকর। সেড্রিক পুরো গ্রীষ্মজুড়ে দারুণ খেলেছে এবং সে সত্যিই এই সুযোগের দাবিদার। আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি ওকে মাঠে দেখার জন্য, আশা করি ওর সামনে দীর্ঘ ও সফল ক্যারিয়ার অপেক্ষা করছে।'
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ব্রাট ও সিকান্দার। সর্বশেষ ২০২১ সালে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন ব্রাট। এরপর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেই ফেরার ডাক পেলেন তিনি।
২০১৯ সালের পর আবারও টি-টোয়েন্টি দলে ফিরলেন সিকান্দার জুলফিকার। তাদের নিয়ে এডওয়ার্ডস বলেন, 'সেবাস্তিয়ানের অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সে ঘরোয়া পর্যায়ে দুর্দান্ত সময় কাটিয়েছে। সিকান্দার আমাদের দলের জন্য আগেও গুরুত্বপূর্ণ ছিল। শেষদিকে এসে দ্রুত রান তুলতে ওর দক্ষতা অসাধারণ। ওকে আবার দলে পেয়ে ভালো লাগছে।'
বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার এই সিরিজটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর।
নেদারল্যান্ডস স্কোয়াড: ম্যাক্স ও'দাউদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রস, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল, সেবাস্টিয়ান ব্রাট।