ছেলেধরা গুজব ও গণপিটুনি প্রতিরোধে প্রচারণা

ছেলেধরা গুজব ও গণপিটুনি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা ও উপজেলায় সতর্কীকরণ প্রচার-প্রচারণার পাশাপাশি গতকাল শুক্রবার জুমার নামাজের সময় জেলার মসজিদগুলোতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়। জেলা জামে মসজিদে জুমার নামাজে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন  গুজবে কান না দিতে এবং ছেলেধরা সন্দেহে কাউকে  আটক করা হলে তাকে মারধর না করে পুলিশে সোপর্দ করার জন্য মুসল্লিদের প্রতি অনুরোধ জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মিলন ও সুধারাম  মডেল থানার ওসি মো. নবীর হোসেন উপস্থিত ছিলেন। পরে  পুলিশ সুপার জানান, জেলার গুরুত্বপূর্ণ মসজিদে পুলিশ কর্মকর্তারা জনপ্রতিনিধিদের নিয়ে প্রচারণা চালিয়েছেন ।

এর আগে বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের সভা কক্ষে  এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন গুজবের বিরুদ্ধে জনসচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, ছেলেধরা গুজব ভিত্তিহীন। গুজবের কারণে ছেলেধরা সন্দেহে নিরীহ নারী-পুরুষসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষ গণপিটুনির শিকার  হচ্ছেন। এটি দণ্ডনীয় ফৌজদারী অপরাধ। গুজব ছড়িয়ে যারা এ জঘন্য কাজ করছে  ও দেশে অস্থিতিশীল  অবস্থা সৃষ্টি করতে আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদেরকে  চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।  এ সময়  তিনি জানান, গুজব প্রতিহত করতে ও  জনসচেতনতা গড়ে তুলতে জেলার সব উপজেলায়   বৃহস্পতিবার  থেকে সপ্তাহব্যাপী  পুলিশ বিভাগের আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাট-বাজার ও গুরুত্বপূর্ণস্থানে সভা-সমাবেশ, উঠোন বৈঠকসহ সতর্কীকরণ প্রচার-প্রচারণা শুরু করা হয়েছে।