কুলাউড়ায় নেপচুন ক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ক এক ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক প্রতিযোগিতা স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রতিযোগিতায় উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৪ জন উপস্থিত ছিল। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সায়েদ, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নোমান আহমদ প্রমুখ।
কেন্দ্রে পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে প্রবীণ শিক্ষাবিদ সুশীল সেনগুপ্ত এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন কুলাউড়া ডিগ্রি কলেজের মোহাম্মদ কয়েছ খান ও প্রভাষক মুহাম্মদ হানিফ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্লাবের উপদেষ্টা, প্রাক্তন শিক্ষক শামছুল আলম সজীব, ক্লাবের সভাপতি সায়েদ আহমদ ও রুমন আহমদ।