এশিয়া কাপে খেলবেন ওমানের ‘শোয়েব আখতার’  

২০২৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক ফাস্ট বোলারকে। যার চুল, হাঁটাচলা, লম্বা রানআপ, ডেলিভারি স্ট্রাইড এবং উইকেট উদযাপন- সবই যেন পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতারের হুবহু অনুকরণ। সেই বোলারের নাম মুহাম্মদ ইমরান। যাকে দেখে অনেকেই বলছেন- ‘শোয়েব আখতারের থেকেও বেশি শোয়েব আখতার’!

এশিয়া কাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ওমান। মঙ্গলবার (২৬ আগস্ট) ওমান তাদের ১৭ সদস্যের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে আলচিত সেই ইমরানের নামও রয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আট দলের এই টুর্নামেন্ট। এবারের এশিয়া কাপে ওমানের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ইমরানদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, ১২ সেপ্টেম্বর দুবাইয়ে। 

মাত্র এক বছরের মধ্যেই ওমান জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও সম্পন্ন করেছেন ইমরান।   

ইমরানের ক্রিকেট-যাত্রা রীতিমতো সিনেমার গল্প। ১৮ বছর বয়সে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার দেরা ইসমাইল খানের আফগান সীমান্তবর্তী গ্রাম থেকে গোপনে বেরিয়ে পড়েন তিনি। পরিবারের ইচ্ছা ছিল সেনাবাহিনীতে যোগ দেবেন, কিন্তু ইমরান ট্রাক ধরে তিন দিনে পৌঁছে যান করাচিতে।

করাচির অনূর্ধ্ব-১৯ ট্রায়ালে ঝড় তোলেন ইমরান। ৬ ম্যাচে ২১ উইকেট নিয়ে আলোচনায় আসেন। ঘণ্টায় ১৪৩ কিলোমিটার গতিতে বোলিং করে নজর কাড়েন কোচদের। তবুও পাকিস্তানের হয়ে খেলার সুযোগ হয়নি তার।

কিন্তু ২০১৯ সালে দৃশ্যপট বদলে যায়। এক বন্ধু তার বোলিংয়ের ভিডিও ইউটিউবে আপলোড করলে তা নজরে পড়ে একটি ওমানি ফ্র্যাঞ্চাইজির। সেই ফ্র্যাঞ্চাইজির সহায়তায় ইমরান চলে যান ওমানে। জীবিকা নির্বাহে দিনে ১২ ঘণ্টা সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের কাজ করেছেন, আর বাকি সময়ে নিজেকে প্রস্তুত করেছেন ক্রিকেটের জন্য।

২০২৪ সালে ওমান ডি১০ লিগে ‘আইএএস ইনভিনসিবলসের’ হয়ে খেলেন ইমরান। ১৪ ম্যাচে ২১ উইকেট নিয়ে গড় ছিল ১০.৭১, ইকোনমি রেট ছিল ৮.৬৫। সেখান থেকেই শুরু হয় তার জাতীয় দলে জায়গা পাওয়ার পথ।

এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে তার বয়স ছিল ৩৫ বছর। মে মাসে কানাডার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়। এখন পর্যন্ত ১টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪ উইকেট, তবে ওয়ানডেতে কোনো উইকেট পাননি।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by imran@15 (@shoaib_junior_15)