মিরসরাইয়ের খৈয়াছড়া পাহাড়ি এলাকায় ঝর্ণা দেখতে এসে ছবি তুলতে গিয়ে ঝর্ণার উপর থেকে পা পিছলে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবু আল হোসাইন মেমোরী (২৯)। তার বাড়ি বগুড়া জেলার বগুড়া সদর থানায়। তিনি ঢাকার টিকাটুলি এলাকায় সেইফটি কনসালটেন্ট বিডি প্রতিষ্ঠানের আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।
নিহতের সহকর্মী জুয়েল রানা বলেন, আমরা ৫ জন ঢাকা থেকে মিরসরাইয়ের খৈয়াছড়ার পাহাড়ি ঝর্ণায় ভ্রমণে এসেছিলাম। সকাল আনুমানিক ১১টায় আমরা ঝর্ণার উপরে উঠার সময় মেমোরী (২৯) ছবি তোলার জন্য পোজ দিতে গিয়ে অসতর্কতাবশত নিচে পড়ে যায় এবং মাথায় প্রচুর আঘাত পায়।
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মিরসরাই পৌর সদরের মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানান। মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, নিহতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।