ঈদে বাসের আগাম টিকিট

প্রথম দিনেই ৮, ৯ ও ১০ আগস্টের টিকিট শেষ

অন্যান্যবারের চেয়ে এবার ঈদ (ঈদুল আজহা) উপলক্ষ্যে বাসের আগাম টিকিট ১৫ দিন আগেই শুরু হয়েছে। গতকাল শুক্রবার ছিল আগাম টিকিট বিক্রির প্রথম দিন। দিনভর ছিল থেমে থেমে বৃষ্টি। কিন্তু তা সত্ত্বেও বাসের কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশীদের ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকেই কাঙ্ক্ষিত টিকিট হাতে নিয়ে খুশি মনে বাড়ি ফিরছেন। আবার কাঙ্ক্ষিত দিনের টিকিট না পেয়ে ক্ষোভও প্রকাশ করেছেন কেউ কেউ। শুরুর প্রথম দিনেই ৮, ৯ ও ১০ আগস্ট তারিখের টিকিট দুপুরের মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়। কাউন্টারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আগামী ১১ ও ১২ আগস্ট ঈদুল আজহার সম্ভাব্য দিন থাকায় ৮, ৯ ও ১০ আগস্ট তারিখের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের আগাম টিকিট বিক্রি শুরু করে পরিবহন কোম্পানিগুলো। রাজধানীর গাবতলী ও কল্যাণপুরের কাউন্টার থেকে এই টিকিট বিক্রি চলছে। পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রি করা হচ্ছে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স  অ্যাসোসিয়েশনের সভাপতি রমেশ চন্দ্র ঘোষ বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক হয়েছে। বৈঠকের সিন্ধান্ত অনুয়ায়ী গতকাল শুক্রবার সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। তিনি বলেন, ‘টিকিট প্রত্যাশীদের ভোগান্তি কম হবে এমনটা বিবেচনায় নিয়ে এবার আমরা ঈদের ১৫ দিন আগে থেকে আগাম টিকিটি বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ধরে নিয়েছিলাম, শুরুতে কাউন্ডারগুলোতে খুব একটা চাপ হবে না। কিন্তু না, বৃষ্টি উপেক্ষা করেও প্রায় প্রতিটি কাউন্টারে ছিল টিকিটি প্রত্যাশীদের উপচে পড়া ভিড়।’

এক প্রশ্নের জবাবে রমেশ চন্দ্র ঘোষ বলেন, ঈদুল আজহা উপলক্ষে লম্বা (প্রায় ৯ দিন) ছুটি থাকার কারণেই মানুষ আগেভাগে টিকিট কিনে ঝঞ্জাটমুক্ত থাকতে চাচ্ছে। এ কারণে বৃষ্টি উপেক্ষা করেও টিকিট বিক্রির প্রথম দিনই বাস কাউন্টারগুলোতে মানুষ ভিড় করেছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কালোবাজারে টিকিট বিক্রি এবং  ঈদযাত্রায় বেশি ভাড়া আদায়ের সুযোগ নেই। বিষয়টি আমরা কঠোরভাবে মনিটরিং করছি। তাছাড়া কেউ যেন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিতে না পারে, সে জন্য বাস কোম্পানিগুলোকে দূরত্ব অনুযায়ী ভাড়ার তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে।’

টিকিট প্রত্যাশীদের অভিযোগ, অনেকেই নিজের চাহিদামতো টিকিট পাচ্ছে না। এ ছাড়া সাধারণত টিকিটের যে দাম, ঈদের সময়ে এসে তার চেয়ে বেশি দামে টিকিট বিক্রি করা হয়। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়, তাহলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন বলেন, ‘আমাদের টিকিট বিক্রিতে কোনো ধরনের সমস্যা হয়নি। আমাদের (হানিফ পরিবহন) আসাদগেট, শ্যামলী ও কল্যাণপুর থেকে অঞ্চলভেদে কাউন্টার থেকে টিকিট বিক্রি হচ্ছে। প্রথম দিন (শুক্রবার) হিসেবে একটু চাপ বেশি ছিল। সব রুটেরই পর্যাপ্ত টিকিট রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ঈদের সম্ভাব্য দিন ১২ আগস্ট। ৯ ও ১০ আগস্ট শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি। এরপর ১১ থেকে ১৩ আগস্ট রবি, সোম ও মঙ্গলবার ঈদের তিন দিনের ছুটি। ১৪ আগস্ট বুধবার অফিস খোলা থাকলেও অনেকেই ঐচ্ছিক ছুটি নিচ্ছেন। চাঁদ ওঠার কারণে ঈদ এক দিন পিছিয়ে গেলে বুধবার ঐচ্ছিক ছুটি নেওয়ার প্রয়োজন পড়বে না। বৃহস্পতিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি। ১৬ ও ১৭ আগস্ট শুক্র ও শনিবার আবার সাপ্তাহিক ছুটি। টানা ৯ দিনের ছুটি উপভোগ করতে ঘরমুখী মানুষ আগেভাগে রাজধানী ছাড়বেন।