নির্বাচন নিয়ে ভাবছি না, অনেক কিছুই নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে চলতি বছরের মে মাসে দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষের দিকে থাকায় এখন থেকেই পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আগামী নির্বাচনে বুলবুল সভাপতি পদে লড়বেন কি না, এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। সভাপতি পদে নির্বাচন করতে হলে তাকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে প্রথমে বোর্ড পরিচালক হিসেবে মনোনীত হতে হবে এবং তারপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হতে হবে। তবে বুলবুল আপাতত নির্বাচন নিয়ে না ভেবে নিজের বর্তমান কাজে মনোযোগ দিতে চান।

চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'অনেক কিছুই আমার ব্যক্তিগত নিয়ন্ত্রণের বাইরে।' তিনি আরও বলেন, দেশের স্বার্থে সবকিছু ছেড়ে এই দায়িত্বে এসেছেন এবং যতদিন সম্ভব কাজ চালিয়ে যাবেন। ভবিষ্যতের বিষয়ে তিনি বলেন, 'আমার ব্যক্তিগত যে ইচ্ছা, দেখুন আমি এখানে হঠাৎ করে একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার পার্মানেন্ট সবকিছু ছিল। সব ছেড়ে এসেছি দেশের জন্য। সে কাজ যতদিন করা সম্ভব করলাম। পরবর্তীতে, সেখানে আমার হাত নেই।'

নির্বাচনে সভাপতি হওয়ার প্রক্রিয়ার কথা উল্লেখ করে বুলবুল বলেন, 'আমি ও ফাহিম ভাই এনএসসির কাউন্সিলর। এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। প্রথমে এনএসসি আমাকে কাউন্সিলর করতে হবে। তারপর একটা বোর্ড আসবে, সেই বোর্ডের পরিচালকরা প্রেসিডেন্ট বানাবে। এটা অনেক দূরের কথা। এখন আমার যে কাজ সেখানেই ফোকাস করছি।'

উল্লেখ্য, এই নির্বাচনে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার মতো খেলোয়াড়দের ভোট দেওয়ার সুযোগ নেই।