এশিয়া কাপের আগে দীর্ঘ প্রায় এক মাস ধরে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেই প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট দলের অধিনায়ক লিটন কুমার দাস। বিশেষ করে সিলেটের প্রস্তুতিকে এগিয়ে রাখছেন তিনি। প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি সিরিজ খেলবে টাইগার বাহিনী। তবু এই সিরিজকে ছোট করে দেখছেন না লিটন।
গতকাল লাক্কাতুরায় সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ছোট দল নেই। আমরা সবসময় খেলি জেতার জন্য। অতীতে বাংলাদেশ অনেক দলের কাছে হেরেছে, ভবিষ্যতেও হারতে পারি। কিন্তু লক্ষ্য সবসময় জয়ের।' অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সঠিক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস। সর্বশেষ ২০১১ ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের বিপক্ষে খেলেছিল তারা। এডওয়ার্ডস বলেছেন, 'বাংলাদেশের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে তিন ম্যাচ খেলা আমাদের প্রস্তুতির জন্য দারুণ সুযোগ। বিসিবি সুযোগটা করে দেওয়ায় আমরা খুশি। এশিয়া কাপের আগে বাংলাদেশেরও ভালো প্রস্তুতি হবে। নিজেদের দিনে আমরা যে কাউকে হারাতে পারি, সেটির প্রমাণ আমরা আগেও দিয়েছি।'
তবে বাংলাদেশের মাটিতে জিততে হলে সেরা ক্রিকেট খেলতে হবে বলেও স্বীকার করেছেন তিনি, 'বাংলাদেশ খুব ভালো দল, বিশেষ করে নিজেদের ঘরের মাঠে। জিততে হলে আমাদেরও খুব ভালো ক্রিকেট খেলতে হবে। ভিন্ন কন্ডিশনে খেলতে আসার চ্যালেঞ্জ আছে, তবে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করবো।'
এ দিকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দলীয় সংগ্রহ নিয়ে অনেক সময় প্রশ্ন থাকে। বড় বড় দলগুলো যেখানে ২০০ রানের ওপরের ইনিংস করার চেষ্টা করে, সেখানে বাংলাদেশের জন্য সেটি যেন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই বিষয়ে টাইগার নেতা লিটন কুমার দাস বলেছেন, '২০০-২৫০ রান করাটা একটা অভ্যাসের বিষয়। আমরা যদি তা করতে পারি, ভালো। না পারলেও ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাব।'
এশিয়া কাপের আগে সিলেটের অভিজ্ঞতা কাজে দেবে বলেও বিশ্বাস লিটনের। তার ভাষায়, 'এশিয়া কাপে ভিন্ন দল থাকবে, সেটা তো এখানে আনা সম্ভব নয়। তবে কন্ডিশন কাছাকাছি। কারণ, আবুধাবি ব্যাটিং সহায়ক উইকেট। সিলেটও অনেকটাই ব্যাটিং সহায়ক।'
ভারত না আসায় এশিয়া কাপের প্রস্তুতি সারতে নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। লিটনদের ভাবনায় এশিয়া কাপ, তবে সফরকারীদের চোখ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। বৈশ্বিক সেই আসরের প্রস্তুতি হিসেবেই এই সিরিজকে দেখছেন ডাচরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ সোমবার ও বুধবার একই সময়ে অনুষ্ঠিত হবে।