সোনারগাঁওয়ে কৃষিজমি বালু দিয়ে ভরাট

সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের বাগবাড়িয়া এলাকায় কৃষি জমি বালু দিয়ে ভরাট করার অভিযোগ উঠেছে একটি ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে। স্থানীয় কৃষকদের জমি ক্রয় না করেই তারা বালু দিয়ে ভরাট করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে কৃষকদের পক্ষে গণস্বাক্ষর নিয়ে বাগবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল কাদির নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও সোনারগাঁও থানার ওসির কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

জানা যায়, বাগবাড়িয়া গ্রামের ৯০ ভাগ কৃষক তাদের ফসলি জমি থেকে উত্পাদিত ফসলের ওপর নির্ভর করে তাদের সংসার পরিচালনা করেন। সম্প্রতি একটি ডেভেলপার কোম্পানি স্থানীয় দালালদের মাধ্যমে এলাকার কিছু কৃষিজমি ক্রয় করে। পরবর্তীতে ভূমিদখলদার ও দালালরা সাধারণ কৃষকের জমি জোরপূর্বক ভরাট করে। এতে বাধা দিলে কৃষকদের ওপর নির্যাতন চালায় দালালরা। বালু ভরাটের ফলে ঐ এলাকায় প্রায় ৫০০ হেক্টর জমি অনাবাদি হয়ে পড়েছে।  এ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কৃষকরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর শরণাপন্ন হয়েও কোনো প্রতিকার পাননি। জমি ফিরে পেতে বৃহস্পতিবার দুপুরে কৃষকদের পক্ষে বাগবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল কাদির নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও সোনারগাঁও থানার ওসির কাছে স্মারকলিপি প্রদান করেছেন। বাগবাড়িয়া গ্রামের কৃষক আমিনুল ইসলাম ও আবুল কালাম অভিযোগ করেন, ডেভেলপার কোম্পানি একটি দালাল চক্রের মাধ্যমে তাদের জমি বালু ভরাট করে হাতিয়ে নিচ্ছে। তাদের জমি উদ্ধারের জন্য স্থানীয় চেয়ারম্যানের কাছে গিয়ে কোনো সুরাহ পায়নি। তাদের জমি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কৃষকরা।

বাগবাড়িয়া গ্রামের কৃষক সিদ্দিকুর রহমান জানান, আমরা বাপ-দাদার আমল থেকে এ জমিতে ফসল ফলিয়ে সংসার চালিয়ে আসছি। হঠাত্ করে ঐ  কোম্পানি এসে কয়েকজন কৃষকের কাছ থেকে জমি ক্রয় করে। পরবর্তীতে অন্য কৃষকদের জমি ক্রয় করার চেষ্টা করে ব্যর্থ হয়। এতে ক্ষিপ্ত হয়ে কৃষকদের ভয় ভীতি দেখাতে তারা জমি বালু দিয়ে ভরাট করছে। কৃষক নাসিরউদ্দিন জানান, এ কোম্পানির কড়াল গ্রাসে আমরা নিঃস্ব হয়ে পড়ছি। বালু দিয়ে ভরাট করার কারণে জমি অনাবাদি হয়ে পড়ায় আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আমরা কোম্পানির দালালদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছি। এ ব্যাপারে তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু বলেন, কৃষি জমি বালু দিয়ে ভরাটের বিষয়ে কেউ আমার কাছে অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে প্রশাসনের সহযোগিতায় ঐ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  বিষয়টি সম্পর্কে ডেভেলপার কোম্পানির পরিচালক আব্দুল মান্নানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি অন্য আরেকজনের সঙ্গে যোগাযোগ করার কথা বলে লাইন কেটে দেন।  সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, কৃষকদের কৃষি জমি অবৈধভাবে বালু দিয়ে ভরাটের অভিযোগ সম্বলিত স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।