পাকিস্তান ম্যাচের আগে তিক্ততা ভুলে শান্তির বার্তা রশিদ খানের 

২০২২ সালের এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হয় পাকিস্তান ও আফগানিস্তান। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে ১ উইকেটের জয় পায় পাকিস্তান। ম্যাচে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন পাকিস্তানি ব্যাটার আসিফ আলী ও আফগান বোলার ফরিদ আহমেদের মধ্যকার। তবে ম্যাচ শেষে ঘটে আরও বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দেশের সমর্থকরা। এতে দুই দেশের সম্পর্ককে আর জটিল করে তোলে। 

শুক্রবার (২৯ আগস্ট) পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নামছে। যার আগে আলোচনায় পাক-আফগান লড়াইয়ের তিক্ত অভিজ্ঞতা। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান-আফগানিস্তান। মাঠের লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষ ও সমর্থকদের উদ্দেশে শান্তির বার্তা দিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।

তিনি বলেন, ‘স্টেডিয়ামে খেলা দেখতে আসা সবার প্রতি বলছি– ক্রিকেট ঐক্যের বার্তা বহন করে। যা একত্রিত করে মানুষ ও দেশকে। শান্তির বার্তা দেয় সবার মাঝে। খেলাটি পুরোপুরি আনন্দের জন্য। আমরা নিজেরাও খেলি পরস্পর উপভোগ এবং দর্শক ও সমর্থকদের বিনোদন দেওয়ার জন্য।’

খেলা উপভোগ করার অনুরোধ জানিয়ে সমর্থকদের উদ্দেশে রশিদ খান আরও বলেন, ‘এটি শুধু একটি ক্রিকেট ম্যাচ। আমি সবার কাছে অনুরোধ করবো– এসে খেলা উপভোগ করুন, নিজেদের দলকে সমর্থন করুন এবং খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করুন।’


ত্রিদেশীয় এই সিরিজে কাউকেই ফেভারিট মানছেন না রশিদ খান। তিনি বলেন, ‘কোনো দলই ফেভারিট নয়, বিশেষ করে টি-টোয়েন্টিতে। আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে। এক অথবা দুজন ক্রিকেটার পুরো ম্যাচের মোড় বদলে দিতে পারে। এছাড়া সবাই নিজেদের সর্বোচ্চ পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবে।’