৩৪ বছর পর হাসপাতালে মিলল প্রিন্সেস ডায়ানার ‘টাইম ক্যাপসুল’

১৯৯১ সালে প্রিন্সেস ডায়ানার সিল করা একটি টাইম ক্যাপসুল লন্ডনের একটি শিশু হাসপাতাল থেকে খনন করে বের করা হয়েছে। নতুন একটি ক্যান্সার সেন্টার নির্মাণ করার করার জন্য খননকাজ চলার সময় এটি পাওয়া যায়।

সিসা-আবৃত কাঠের এই টাইম ক্যাপসুলটি ছিল একটি ছোট বাক্স। এর মধ্যে একটি পকেট সাইজের টেলিভিশন, কাইলি মিনোগর সিডি এবং কিছু গাছের বীজ পাওয়া গেছে।

 প্রিন্সেস ডায়ানার সিল করা টাইম ক্যাপসুল থেকে পাওয়া বিভিন্ন সামগ্রী। ছবি: সংগৃহীত

সিএনএনের প্রতিবেদন অনুসারে, প্রয়াত ডায়ানা ১৯৮৯ সালে GOSH-এর সভাপতি ছিলেন এবং লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত হাসপাতালটিতে নিয়মিত শিশুদের দেখতে যেতেন। ১৯৯১ সালের মার্চ মাসে GOSH-এর ভ্যারাইটি ক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তিনি টাইম ক্যাপসুলটি পুঁতে রেখেন।

হাসপাতাল থেকে বুধবার (২৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব কর্মী ১৯৯১ সালে হাসপাতালে কর্মরত ছিলেন, তারা ক্যাপসুলটি পুঁতে রাখতে সাহায্য করেছিলেন।

 প্রিন্সেস ডায়ানার সিল করা টাইম ক্যাপসুল থেকে পাওয়া বিভিন্ন সামগ্রী। ছবি: সংগৃহীত

জাতীয় প্রতিযোগিতায় জয়ী দুই তরুণ ক্যাপসুলের জন্য ডায়ানাকে জিনিসপত্র সরবরাহ করেছিল। তাদের ৯০-এর দশকের জীবন-যাপনের প্রতিনিধিত্বকারী স্মারকগুলো রাখতে পরামর্শ দেওয়া হয়।

এছাড়া সেখানে পাওয়া গেছে একটি সৌরশক্তিচালিত ক্যালকুলেটর, ব্রিটিশ মুদ্রার সংগ্রহ, একটি স্নোফ্লেক হলোগ্রাম, পুনর্ব্যবহৃত কাগজের একটি শীট এবং একটি ইউরোপীয় পাসপোর্ট।

দশকের পর দশক মাটির নিচে থাকার পরও অধিকাংশ জিনিস অক্ষত ছিল। কয়েকটি জিনিস পানিতে ভিজে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে এগুলো এখনো ভিন্ন যুগের স্মৃতি স্মরণ করিয়ে দেয়।