সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ২১:৫৬

ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সুন্দরবনের উন্নয়নে অবহেলা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে।

শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুভেন্দু অধিকারী বলেন, সুন্দরবন অঞ্চলের প্রায় ১ লাখ ২৪ হাজার মানুষের উন্নয়নের কথা বিবেচনায় নিয়ে রাজ্য সরকার বাজেটে বিশেষ বরাদ্দ দিয়েছে। এর আওতায় প্রথম পর্যায়ে ৫৫৩টি প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই এসব প্রকল্পের কাজ শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে আরও ২ হাজার ৬৪৯টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে সড়ক নির্মাণ ও সংস্কার, পানিনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কালভার্ট ও জেটি নির্মাণ, বিদ্যুৎচালিত নৌকা চালু এবং কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন।

পূর্ববর্তী তৃণমূল সরকারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে সুন্দরবনের উন্নয়নে ৬০০ কোটি রুপি বরাদ্দ দেওয়া হলেও মাত্র ২০০ কোটি রুপির কাজ হয়েছে। বরাদ্দের ৮০ শতাংশ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, ‘পূর্ববর্তী সরকার কী করেছে, তা আপনারা সবাই জানেন। সুন্দরবনকে সম্পূর্ণ অবহেলা করা হয়েছিল। আমাদের সরকার বাজেটে বিশেষ এক হাজার ২০০ কোটি রুপি বরাদ্দ দিয়েছে। প্রথম পর্যায়ের ৫৫৩টি প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই এসব প্রকল্পের কাজ শুরু হবে।’

সুন্দরবনের যোগাযোগব্যবস্থার উন্নয়নে বড় ধরনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এক হাজার ৪০৬ কোটি ৩৪ লাখ রুপি ব্যয়ে এক হাজার ১৬৯টি সড়ক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পানিনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও ১১০টি কালভার্ট নির্মাণ করা হবে।

দুর্গম দ্বীপগুলোর সঙ্গে যোগাযোগ সহজ করতে পাঁচটি কংক্রিটের জেটি এবং যানবাহন ও পণ্য পরিবহনের জন্য আরও একটি বিশেষ জেটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া পর্যটন খাতে পরিবেশদূষণ কমাতে বিদ্যুৎচালিত নৌকার জন্য ১০০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে।

কৃষি ও মৎস্য খাতের উন্নয়নেও একাধিক উদ্যোগের কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মৎস্য খাতের জন্য আলাদাভাবে ১৭ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি এক হাজার ৯৩১ জনকে কাঁকড়া মোটাতাজাকরণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কৃষি উৎপাদন বাড়াতে সুন্দরবন অঞ্চলের ১৩ হাজার ৮৭৭ জন কৃষককে ব্যাটারিচালিত স্প্রেয়ার দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

এদিকে মুড়িগঙ্গা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণ নিয়ে পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, ২০২৯ সালে আমি নিজেই এই সেতুর উদ্বোধন করব।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দাবি, এসব প্রকল্প বাস্তবায়িত হলে সুন্দরবনের যোগাযোগব্যবস্থা, অবকাঠামো, পর্যটন, কৃষি ও মৎস্য খাতে বড় ধরনের পরিবর্তন আসবে।

 
ইত্তেফাক/এমএএম