দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোট ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৯ জন প্রার্থী।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় পূর্বঘোষিত তফসিল অনুযায়ী জাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করা হয়।
তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৬ জন, পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১০ জন।
এ ছাড়াও শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক ৬ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৮ জন, সাংস্কৃতিক সম্পাদক ৮ জন, সহ সাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন, নাট্য সম্পাদক পদে ৫ জন, ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, নারী সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬ জন, পুরুষ সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬ জন, তথ্য ও প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ৭ জন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ৮ জন, নারী সহ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৭ জন, পুরুষ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৭ জন, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক ৭ জন, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে ৭ জন, নারী কার্যকরী সদস্য পদে ১৬ জন এবং পুরুষ কার্যকরী সম্পাদক পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।
এর আগে ২৭৬ জনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। শেষ দিনে ৮৬ জন প্রার্থীতা প্রত্যাহার ও ৬ জনের প্রার্থীতা বাতিল হয়।
নির্বাচন কমিশনের সদস্য সচিব এ.কে.এম. রাশিদুল আলম জানান, আমরা যাচাই-বাছাই শেষে ১৭৯ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছি। আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চাই।
উল্লেখ্য, চূড়ান্ত তালিকা প্রকাশের পর একই দিন বিকেল ৪টা থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করার অনুমতি পেয়েছেন।