সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গাছ লাগাতে হবে --------------- বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের ভূমিকা যেমন ব্যাপক ও সুদূরপ্রসারী, তেমনি অর্থনৈতিক উন্নয়নেও এর গুরুত্ব অপরিসীম। ভবিষ্যত্ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।  শুক্রবার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন পরিষদে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন, শোভাযাত্রা ও বৃক্ষের চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি ‘বর্তমান সরকার দেশে সবুজায়ন বৃদ্ধিতে কাজ করছে’ উল্লেখ করে বলেন, ‘আমাদের পরিবেশ আজ হুমকির মুখে। জীববৈচিত্র্য বিলুপ্তির পথে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের অধিক পরিমাণ বৃক্ষ রোপণ করতে হবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল প্রমুখ।