সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কাউন্সিলর আলী হোসেন আলা ও তার সহযোগীদের বিরুদ্ধে সেলিম নামে এক ব্যক্তির তিনটি ফার্নিচারের দোকান দখলের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কদমতলী এলাকার সেলিম পুলিশ সুপার বরাবর অভিযোগ দিলে তিনি সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম মিয়াকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। মো. সেলিম মিয়া তদন্ত শেষে কাউন্সিলরের বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পান।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের কদমতলী কলেজপাড়া এলাকার বাসিন্দা মৃত রণজত আলীর ছেলে মো. সেলিম নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদের কাছে নাসিক সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা ও তার সহযোগী রিপন ও করম আলীর বিরুদ্ধে তার মালিকানাধীন তিনটি ফার্নিচারের দোকান দখল করে জোরপূর্বক ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেন।
তিনি জানান, ঐ দোকান থেকে ভাড়া আনতে গেলে কাউন্সিলর আলাসহ কয়েকজন তাকে মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয়। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম মিয়া জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জমির মালিককে দোকান কিংবা ভাড়া বুঝিয়ে দেওয়া না হলে দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।