রাজশাহীতে নার্সিং শিক্ষার্থীর আত্মহত্যা

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজের শিক্ষার্থী শায়লা খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শায়লা রাজশাহীর পবা উপজেলার চর মাঝারদিয়াড় গ্রামের মাইদুল ইসলামের মেয়ে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, সাত মাস আগে মহানগরীর শালবাগান এলাকায় অবস্থিত গ্লোবাল নার্সিং কলেজে ভর্তি হন শায়লা। আজিজুল ইসলাম নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শায়লার। তাকেই বিয়ে করতে চান শায়লা। কিন্তু প্রেমের বিষয়টি জানাজানির পর তা পরিবার মেনে নিতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে শায়লাকে ওই ছেলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে বলা হয়। কিন্তু শায়লা তা করেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবার সম্পর্ক মেনে না নেওয়ায় শায়লা আত্মহত্যা করেছেন।

ওসি আরো বলেন, ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাতের পর কোনো এক সময় মেসের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শায়লা। এরপরও তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানায় ইউডি মামলা হয়েছে।