বাংলাদেশ ও ভারতের শিল্পীদের আঁকা বঙ্গবন্ধুর ছবি নিয়ে চিত্রপ্রদর্শনী

বাংলাদেশ ও ভারতের শিল্পীদের ক্যানভাসে মূর্ত হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫৫ জন শিল্পীর ক্যানভাসে নানা মাত্রায় উঠে এসেছেন বঙ্গবন্ধু। ফেব্রুয়ারিতে হয়েছিল কর্মশালা। সেখানেই আঁকা হয়েছিল ছবিগুলো। ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারির দিনটিতে বিশাল সমাবেশে থেকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছিল। সেই দিনটিকে সামনে রেখে ‘বঙ্গবন্ধু শব্দটি আমাদের’ শীর্ষক আর্ট ক্যাম্পে ছবিগুলো এঁকেছিলেন শিল্পীরা। সেই ছবিগুলো নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে শুরু হয়েছে প্রদর্শনী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের শেখ লুত্ফর রহমান ও শেখ সায়েরা খাতুন গ্যালারিতে চিত্রকর্মগুলো নিয়ে শুক্রবার থেকে শুরু হলো প্রদর্শনী। আর্ট ক্যাম্পের পাশাপাশি সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর আয়োজক স্বাধীনতা চারুশিল্পী পরিষদ।

গতকাল শুক্রবার বিকালে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব, কবি ও গবেষক শেখ হাফিজুর রহমান, কবি ও শিল্পসমালোচক  রবিউল হুসাইন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান। সভাপতিত্ব করবেন স্বাধীনতা চারুশিল্পী পরিষদের আহ্বায়ক বরেণ্য চিত্রশিল্পী আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন পরিষদের সদস্য সচিব ও স্মৃতি জাদুঘর পরিচালনা কমিটির সদস্য শিল্পী আশরাফুল আলম পপলু।

প্রদর্শনীতে বাংলাদেশের প্রতিষ্ঠিত ও প্রখ্যাত শিল্পীদের মধ্যে শাহাবুদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, সমরজিত্ রায় চৌধুরী, হাশেম খান, জামাল আহমেদ, শেখ আফজাল, রোকেয়া সুলতানা, রণজিত্ দাস, আহমেদ শামসুদ্দোহা, ফরিদা জামান, কনক চাঁপা চাকমা, গুলশান হোসেন, দুলাল গাইন,  রফি হক, আনিসুজ্জামান, নাসিমা খানম কুইনি, গুপু ত্রিবেদী, মিনি করিম, সমীরণ চৌধুরী, দেওয়ান মিজান, হারুনুর রশীদ টুটুল, জাহিদ মুস্তফা প্রমুখের চিত্রকর্ম স্থান পেয়েছেন। ভারতের শিল্পীদের মধ্যে চিত্রপট রাঙিয়েছেন আশিষ চ্যাটার্জি, সমীর আইচ, বিশ্বজিত্ মিত্র ও স্বর্ণালী ভৌমিক।  

সপ্তাহব্যাপী এ প্রদর্শনী শেষ হবে দোসরা আগস্ট। বুধবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।