হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বক্তব্যের প্রেক্ষিতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে বিশ্বব্যাপী গণতন্ত্র প্রসারে কাজ করা যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। সংগঠনটি বলেছে, ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘মিনিস্ট্রিয়াল টু অ্যাডভান্স রিলিজিয়াস ফ্রিডম’ সম্মেলনে আইআরআই আমন্ত্রণ জানিয়েছিল বলে প্রিয়া সাহার বক্তব্য সম্প্রতি নজরে এসেছে। বাংলাদেশ সরকারকে একটি বিষয় স্পষ্ট করতে চায় যে, প্রিয়া সাহার যুক্তরাষ্ট্র সফরের খরচ বহন করেনি আইআরআই। প্রিয়া সাহার সঙ্গে আইআরআই কোনো কাজ করে না। আইআরআই বিশ্বাস করে যে, প্রিয়া সাহা সম্প্রতি সাক্ষাত্কারে সঠিক কথা বলেননি। বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় আইআরআই। বাংলাদেশে সুশাসন ও নাগরিক-কেন্দ্রীক রাজনীতির প্রসারে কাজ করে যেতে চায় আইআরআই।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত্কালে বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে অভিযোগ করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা। তার ঐ বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়।