উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে জেলা বিএনপি ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী অংশ নেন।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এরপর একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। সভা পরিচালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু ও সফিকুল ইসলাম পিটু, এবং তত্ত্বাবধানে ছিলেন খালিদ হাসান মিল্টন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটি শুধু উদযাপন নয়, বরং আমাদের প্রত্যয়কে আরও দৃঢ় করার দিন।

অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং দলের অতীত সাফল্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন।