ইউরোপের ১২ দেশে তাপপ্রবাহ বাড়ছে

ইউরোপে দাবদাহ চলছে। অন্তত ১২টি দেশে তাপপ্রবাহ বেড়েছে। জুলাইয়ে তাপমাত্রার রেকর্ড সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ১৮৮০ সালের পর জুলাইয়ে সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত হচ্ছে। ব্রিটেনে তাপমাত্রা এতটা বৃদ্ধি পেয়েছে যে ট্রেন পর্যন্ত ছাড়তে দেরি হচ্ছে। খবর সিএনএন ও ডেইলি মেইলের।

বিজ্ঞানীরা হুঁশিয়ারি দিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের তাপমাত্রা আরো বাড়তে পারে। এক দশক আগে তাপমাত্রা বাড়া নিয়ে যা আশা করা হয়েছিল, তার চেয়েও বেশি হয়েছে এবার। বেলজিয়াম, জার্মানি, নেদারল্যান্ডস ও ব্রিটেনে তাপমাত্রার রেকর্ড সৃষ্টি হয়েছে।

গত বুধবার বেলজিয়ামের তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। ৭৫ বছরের মধ্যে নেদারল্যান্ডসে সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার এই দেশে তাপমাত্রার রেকর্ড ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। জার্মানির গেইলেনকার্চেন শহরে তাপমাত্রার রেকর্ড হয়েছে ৪০ ডিগ্রির বেশি। বৃহস্পতিবার ব্রিটেন সবচেয়ে বেশি দাবদাহের দিন পার করেছে। ম্যানচেস্টারে তীব্র গরম লক্ষ করা গেছে।

আরও পড়ুন: বরিস জনসনের ব্রেক্সিট নীতি অগ্রহণযোগ্য: ইইউ

গত মাসে ইউরোপে সবচেয়ে বেশি গরম পড়েছিল পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবুর্গে। এদিকে আগামী সপ্তাহ ইউরোপ জুড়ে যে তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছে, তা ইউরোপের যাবতীয় গরমের রেকর্ড ভেঙে দিতে চলেছে। স্পেন ও পর্তুগালে এমন রেকর্ড গরম থেকে দাবানলের পূর্বাভাস দেওয়া হয়েছে। তীব্র দাবদাহ চলছে ইউরোপের আরেক দেশ স্পেনেও। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ানোয় দেশটিতে দাবানলের সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

ইত্তেফাক/এসআর