স্টার্ট-আপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল গঠন

বাংলাদেশ ব্যাংক স্টার্ট-আপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে, যেখানে তারা সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রধান কার্যালয়ে ১৬টি তফসিলি ব্যাংক ও ৪টি ফাইন্যান্স কোম্পানির সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা উপস্থিত ছিলেন এবং গভর্নর ড. আহসান এইচ মনসুর ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

নতুন সার্কুলারের মাধ্যমে স্টার্ট-আপ উদ্যোক্তারা ২ কোটি থেকে সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত মেয়াদী ও চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ পাবে। পাশাপাশি, ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে ইক্যুইটি বিনিয়োগ কোম্পানি গঠনের কথাও আলোচনা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্টার্ট-আপ খাত দেশের অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবনী ব্যবসা উন্নয়ন ও আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই তহবিল উদ্যোক্তাদের অর্থায়ন প্রাপ্তি সহজ করবে এবং খাতের টেকসই উন্নয়নে সহায়ক হবে।