ঋণখেলাপির বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতের স্থগিতাদেশ থাকলে সংশ্লিষ্ট ঋণগ্রহীতারাও এখন থেকে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা তহবিলের আওতায় ঋণসুবিধা নিতে পারবেন। অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করতে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা কর্মসূচির বাস্তবায়ন নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কোনো ঋণখেলাপির দায়ের করা মামলা বা রিটের পরিপ্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট ঋণের ওপর স্থগিতাদেশ দিলে ওই ঋণগ্রহীতা বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার, প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক-কর্মচারীদের কর্মস্থলে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখার লক্ষ্য নিয়ে মোট ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা স্কিম চালু রয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে শিল্প ও সেবা খাত, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) এবং কৃষিভিত্তিক বিভিন্ন খাতে অর্থায়নের সুযোগ রাখা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রণোদনা কর্মসূচিগুলোর কার্যকর বাস্তবায়নের জন্যই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আদালতের স্থগিতাদেশ থাকা ঋণগ্রহীতাদের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে। অন্যান্য স্কিমের শর্ত আগের মতোই বহাল থাকবে।
যেসব খাতে মিলবে প্রণোদনা
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের সঙ্গে যুক্ত তালিকায় ১৫টি প্রণোদনা কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে বন্ধ শিল্প ও সেবা খাতের জন্য সহায়ক পুনঃ অর্থায়ন স্কিম, সিএমএসএমই খাতের চলতি মূলধন পুনঃ অর্থায়ন তহবিল এবং উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলতে তিন হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল।
কৃষি উৎপাদন বাড়ানো, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও পল্লি খাতের পুনঃ অর্থায়ন স্কিমও রয়েছে এ তালিকায়। পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতেও পুনঃ অর্থায়নের ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান বাড়াতে রয়েছে কয়েকটি বিশেষ কর্মসূচি। কটেজ ও মাইক্রো খাতের উদ্যোক্তাদের জন্য বিশেষ স্কিমের অর্থ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে বিতরণ করা হবে। বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গঠিত প্রাক্-অর্থায়ন স্কিম বাস্তবায়ন করবে প্রবাসীকল্যাণ ব্যাংক। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য নির্ধারিত অর্থ বিতরণ করবে কর্মসংস্থান ব্যাংক। আর গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে গঠিত কর্মসূচির অর্থায়নের দায়িত্বে থাকবে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক।
এ ছাড়া গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি, সৃজনশীল অর্থনীতি এবং স্টার্টআপ খাতের জন্যও রয়েছে বিশেষ অর্থায়ন স্কিম। তালিকায় চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়নে প্রাক্-অর্থায়ন কর্মসূচি এবং রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের জন্য প্রাক্-অর্থায়ন তহবিলও অন্তর্ভুক্ত রয়েছে। এসব কর্মসূচির আওতায় ঋণ দেওয়ার ক্ষেত্রে আদালতের স্থগিতাদেশ পাওয়া ঋণগ্রহীতাদের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে।
