ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

রাজধানী ও আশপাশের এলাকায় আজ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা হালকা কমার পূর্বাভাস দিয়েচে সংস্থাটি। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আজ সকাল থেকে ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে, মাঝে মধ্যে তা অস্থায়ীভাবে মেঘলা হতে পারে। 

এসময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। 

গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।