ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর ছাড়া অন্যান্য দিনের ছুটি বাতিল করা হয়েছে। পূর্ব ঘোষিত ৮-১০ সেপ্টেম্বরের ছুটির পরিবর্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিন এ কথা জানান।
তিনি বলেন, ডাকসু উপলক্ষে কেবল ৯ তারিখ ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ৮ এবং ১০ সেপ্টেম্বর যথারীতি ক্লাস চলমান থাকবে।
তিনি বলেন, নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ চলমান আছে। এটি বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সবাই সহযোগিতা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভোট গ্রহণ নিশ্চিতে বুথ বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, আমাদের পূর্ব পরিকল্পনা ছিল ৫০০ বুথ রাখার, শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এটি বৃদ্ধি করে ৭১০টি পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীরা সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট দিতে পারবেন। এরপরে উপস্থিত কোনো শিক্ষার্থী ভোট দেওয়া বাকি থাকলে তাদেরকে সুযোগ দেওয়া হবে।
ক্যম্পাস থেকে দূরে থাকা নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের দিন শাটল সার্ভিস চলমান থাকবে বলে জানান তিনি।