জাহারা মিতু। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতার প্রথম রানারআপ তিনি। প্রতিযোগিতার পর শোবিজে নিয়মিত হতে শুরু করেন তিনি। টিভি নাটকে অভিনয়ে পাশাপাশি উপস্থাপনাও করেন তিনি। সম্প্রতি ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘আগুন’-এ চুক্তিবদ্ধ হলেন তিনি। যেখানে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাঁকে। সার্বিক এই বিষয়গুলো নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে—
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মধ্য দিয়ে আপনার শোবিজ ক্যারিয়ার শুরু। এমন একটি প্রতিযোগিতা থেকে বিজয়ের মুকুট আপনার মাথায় ওঠেনি। এ নিয়ে কোনো আক্ষেপ কাজ করে কি-না?
আসলে এ নিয়ে কখনো আমার মাঝে আক্ষেপ ছিল না। কর্মের পাশাপাশি আমি ভাগ্যে বিশ্বাস করি। সেটি আমার ভাগ্যে ছিল না। ভাবতাম হয়তো এরপর আমার জন্য ভালোকিছু হবে। সেটি আমি এখন পাচ্ছি।
সম্প্রতি ক্যারিয়ারের প্রথম সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে জানতে চাই—
আমাকে খোরশেদ নামের একজন ফোন দেন এই সিনেমাটির জন্য। আমি প্রথমে রাজি হইনি। এরপর কয়েকবার ফোন দেওয়ার পর যখন আমি বিস্তারিত জানলাম তখন আমি আর না করতে পারিনি। বদিউল আলম খোকন যেখানে পরিচালক ও শাকিব খানের সঙ্গে কাজ করার মতো লোভনীয় সুযোগ আমি মিস করতে চাইনি। তবে সাইন করার ১ মিনিট আগেও দ্বিধায় ছিলাম। এত বড় একটি কাজ আমি করতে পারবো কি-না। অবশেষে সাহসটা করেই ফেললাম।
এবার ঈদের ব্যস্ততা কেমন?
ঈদে ‘পিক পকেট’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছি। দারুণ একটি গল্প। এখানে আমাকে ৫টি ভিন্নলুকে দেখতে পারবেন দর্শকরা।