‘চীনা সাংস্কৃতিক মাস ২০১৯’

মঞ্চে রবীন্দ্রনাথের দুই নাটক

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চীনা দূতাবাস ‘চীনা সাংস্কৃতিক মাস ২০১৯’ উপলক্ষে আজ বিকেল ৪টায় একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজন করেছে চীনের পিকিং ইউনিভার্সিটির পরিবেশনায় রবীন্দ্রনাথের নাটক ‘চিত্রা’ এবং বাংলাদেশের লোক নাট্যদলের পরিবেশনায় রবীন্দ্রনাথের নাটক ‘রথযাত্রা’।

চায়নার পিকিং ইউনিভার্সিটির পরিবেশনায় চিত্রা নাটকটি নির্দেশনা দিয়েছেন হৌ ইং চুয়ে, অনুবাদ করেছেন পাই থাই ইউয়ান এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লু চিয়া হুয়া, চিয়াং চাও লে, লাই হাই ফোং, লি লিন খুন ও লিউ চিং ই। ‘চিত্রা’ নাটকের মাধ্যমে রবীন্দ্রনাথের নাট্যকর্ম এবং বাংলাদেশের সংস্কৃতিকে চীনা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে চীনের সংস্কৃতির বিশেষ সংস্পর্শের সুযোগ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের চীন এবং বাংলাদেশের সংস্কৃতির বিকাশ সম্পর্কে চিন্তা-ভাবনা করতে উত্সাহিত করার চেষ্টাও আছে। রবীন্দ্রনাথের নাটকের নারী চরিত্রগুলো নেওয়া হয়েছে সমাজের বিভিন্ন শ্রেণি ও স্তর থেকে। চিত্রা নাটকের ‘চিত্রাঙ্গদা’ তেমনি একটি চরিত্র। লোক নাট্যদলের পরিবেশনায় রথযাত্রা নাটকটি নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী।

উল্লেখ্য, ‘চীনা সাংস্কৃতিক মাস ২০১৯’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বেইজিং বিশ্ববিদ্যালয়ের নাট্যদল গত ২৬ থেকে বাংলাদেশ সফর করছে। তারা ৩০ জুলাই পর্যন্ত থাকবে। নাট্যদলটি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থিয়েটারে রবীন্দ্রনাথের নাটক চিত্রা মঞ্চস্থ করেছে।