জাতীয় দলের নির্বাচক কমিটিতে পরিবর্তনের গুঞ্জন উঠেছিল ক্রিকেট পাড়ায়। গতকাল বোর্ডসভায় অবশ্য পরিবর্তনের পথে হাঁটেনি বিসিবি। দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে। তারাও টি-২০ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন নির্বাচক হিসেবে।
নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি তো বলেছি, তাদের নিয়ে কোনো অভিযোগ নেই। এই দুজনই চালিয়ে যাবে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। আরেকটা পদ খালি আছে। আমরা আলোচনা করেছি, কয়েকটা নাম এসেছে। এটা পরে আলোচনা করে চূড়ান্ত করবো।’
গতকাল ছিল বিশ্বকাপের পর বিসিবির প্রথম বোর্ডসভা। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কিন্তু গতকাল মিরপুর স্টেডিয়ামে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা। প্রায় সাড়ে তিন ঘণ্টার বোর্ডসভা শেষে বের হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন একাধিক সিদ্ধান্ত।
যার মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় দলের জন্য নতুন পেস বোলিং কোচ ও স্পিন কোচ নিয়োগ। বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার চার্ল ল্যাঙ্গেভেল্ট। সর্বশেষ বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং কোচ ছিলেন সাবেক এই প্রোটিয়া পেসার। স্পিন কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরিকে নিয়োগ দিয়েছে বিসিবি। দুজনকেই ২০২০ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত পাবে বাংলাদেশ। ভেট্টরি অবশ্য নভেম্বরে ভারত সফরের আগে যোগ দিবেন দলের সঙ্গে এবং বিশ্বকাপ পর্যন্ত সময়টাতে সর্বোচ্চ ১০০ দিন কাজ করবেন।
গতকাল সন্ধ্যায় বিসিবি সভাপতি বলেছেন, ‘বোলিং কোচ হিসেবে আমরা চার্ল ল্যাঙ্গেভেল্টকে নিয়েছি। সে ফুলটাইম থাকবে। স্পিন কোচও ফুলটাইম পেয়েছি। কিন্তু আমাদের পছন্দ হয়েছে আরেকজনকে। তিনি ফুলটাইম থাকবেন না। তারপরও তাকে নিয়েছি। আমরা ড্যানিয়েল ভেট্টরিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সে ১০০ দিন কাজ করবে। দুজনের সঙ্গেই টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হবে।’
ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি আগের মতোই সীমিত ওভারের ফরম্যাটে কাজ করবেন। তার মেয়াদও টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে গতকাল বোর্ডসভায়।
বিসিবি সভাপতি বলেছেন, ফিল্ডিং কোচ রায়ান কুকের কাছেই বাংলাদেশের ফিল্ডিংয়ের দূরাবস্থার কারণ জানতে চাইবে বিসিবি। ফিল্ডিং নিয়ে শক্ত অবস্থানে যেতে চায় বিসিবি।
গতকাল বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর শুরু হবে আগামী ৬ ডিসেম্বর। তার আগে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।
পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কনসালটেন্সির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে যাচ্ছে বিসিবি। খুব শিগিগরই পত্রিকায় তা প্রকাশ হবে।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য আইসিসির অ্যাক্রিডিটেশন পেতে আবেদন করবে বিসিবি। সেখানে একটি আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধাসহ একাডেমি তৈরি করবে বিসিবি।
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এশিয়া একাদশ-বিশ্ব একাদশের দুটি টি-২০ ম্যাচ ছাড়াও দেশব্যাপী বড়ো আয়োজন করছে বিসিবি। অনূর্ধ্ব-১২ ক্রিকেটারদের নিয়ে সারাদেশে হবে ক্রিকেট কার্নিভাল। এবং বিভাগীয় দল নিয়ে যুব টি-২০ সিরিজও আয়োজন করবে বিসিবি।
নিকট ভবিষ্যতে নারী ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে আইসিসি। এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য দ্রুতই নারী ক্রিকেটে অনূর্ধ্ব-১৭, ১৮ পর্যায়ে টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি।
গতকালের বোর্ডসভায় বিসিবির বাজেটও অনুমোদন হয়েছে। বিভিন্ন ব্যক্তিপর্যায়ে অর্থ সাহায্য প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কাবাডি ফেডারেশনকে বিদেশি কোচ নিয়োগের জন্য তিন বছরে ৩০ লাখ টাকা (বছরে ১০ লাখ করে) অর্থ সাহায্য দিবে বিসিবি। এবং আগামী অক্টোবরের মাঝামাঝি বার্ষিকসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বোর্ডসভায়।