বিশ্বকাপ মাতানোর পর এবার টেস্টের দুয়ারেও পৌঁছে গেলেন জোফরা আর্চার। সাদা পোশাকে আর্চারের শুরুটা আবার হচ্ছে রীতিমতো অ্যাশেজ দিয়ে। অ্যাশেজের প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দেওয়া ১৪ জনের স্কোয়াডে আছেন এই পেসার।
এজবাস্টনে প্রথম টেস্ট শুরু হবে আগামী ১ আগস্ট। ইংল্যান্ডের এক দিন আগে অস্ট্রেলিয়াও অ্যাশেজকে সামনে রেখে নিজেদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে বিশ্রামে থাকা বেন স্টোকস ও জশ বাটলারকে ফিরিয়ে আনা হয়েছে। লর্ডস টেস্টের দল থেকে বাদ পড়েছেন লুইস গ্রেগরি ও জ্যাক লিচ। যদিও এই লিচই নাইটওয়াচম্যাচ হিসেবে নেমে অনন্য এক ইনিংস খেলে জিতেছিলেন মাচ-সেরার পুরস্কার। বলা যায়, তার ৯২ রানের ইনিংসের ওপর ভর করেই আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে লজ্জা থেকে বের হয়ে অতিমানবীয় এক জয় নিশ্চিত করে ইংলিশরা। ইনজুরির কারণে লর্ডস টেস্টে না খেলা অভিজ্ঞ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনও আছেন এই স্কোয়াডে।
এবার স্টোকস শুধু টেস্ট দলেই ফিরলেন না, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্বও। ২০১৭ সালের সেপ্টেম্বরে ব্রিস্টলের নাইট ক্লাবের বাইরে প্রকাশ্যে মারামারির ঘটনায় জড়িয়ে তিনি এই দায়িত্ব হারান।
জোফরা আর্চারকে স্কোয়াডে রাখা হলেও তার ম্যাচ খেলা এখনো নিশ্চিত নয়। কারণ গোটা বিশ্বকাপেই তিনি বাম পাশের সাইড স্ট্রেনের ইনজুরিতে ভুগেছেন। যদিও তিনি গেল শুক্রবার সাসেক্সের হয়ে ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টের একটা ম্যাচও খেলেছেন। তবে ইসিবি তাকে নিয়ে এই মুহূর্তে বড়ো ঝুঁকি নিতে চায় না। পুরোপুরি ফিট হওয়ার পরই তার খেলার নিশ্চয়তা পাওয়া যাবে।
বিশ্বকাপে আর্চার নিয়েছেন ২০ উইকেট। বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের হয়ে যে কোনো বোলারের এটাই সেরা পারফরম্যান্স। দলের হয়ে জিতেছেন বিশ্বকাপও। আর ২০১৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ২৮ ম্যাচে আর্চারের শিকার ১৩১ উইকেট। সব মিলিয়ে ২৪ বছর বয়সি ক্যারিবিয়ান বংশদ্ভূত এই ক্রিকেটারের এবার টেস্টের স্বপ্নও পূরণ হতে চলেছে। বিশেষ করে নির্বাচকরা মনে করছেন, বিশ্বকাপের মতো অ্যাশেজেও ইংল্যান্ডের ‘এক্স ফ্যাক্টর’ হতে পারেন আর্চার।
আয়ারল্যান্ডের বিপক্ষে বেশ ঝামেলায় পড়েছিল ইংল্যান্ডের টপ অর্ডার। যদিও ইসিবির প্রধান নির্বাচক অ্যাড স্মিথ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা টপ অর্ডারের ওপরই ভরসা রাখছেন। ররি বার্নস, জেসন রয় আর জো ডেনলি তাই আরো একটা সুযোগ পেতে চলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।