বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ গেমস

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ গেমস। তবে বাংলাদেশ গেমসের তারিখ ঘোষণা করেনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বিওএর সভাপতি সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে গতকাল কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত বিওএর বার্ষিক সাধারণ সভা শেষে এসব তথ্য জানান বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি জানান, ‘এখন থেকে প্রতিবছর এজিএম হবে। গত বছর প্রথম এজিএম হয়েছিল। সেটাও ৪৩ বছর। আমরা নির্বাচিত হয়ে আসার পর এজিএম করেছিলাম। তিনি জানান, টোকিও অলিম্পিক গেমসের জন্য দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে। যারা বিদেশি কোচ আনতে চায় তারাও কথা বলছে।’ বিওএ জানায়, এ গেমসের জন্য আটশ ক্রীড়াবিদ প্রশিক্ষণে রয়েছে। এটাকে কমিয়ে চূড়ান্ত দল করা হবে। তারপর বিদেশেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।