শেরপুরে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। গণধর্ষণের শিকার স্কুলছাত্রী উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে। উক্ত ঘটনায় অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, উপজেলার বিশ্বা পূর্বপাড়া গ্রামের দীজেন্দ্রনাথ তালুকদারের ছেলে দীপক কুমার তালুকদার ও একইগ্রামের গিরেন্দ্রনাথ তালুকদারের ছেলে পিযূষ তালুকদার।
গতকাল শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধনকুন্ডি ফুড ভিলেজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গণধর্ষণের শিকার ঐ স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গ্রেফতারকৃত দুই জনসহ মোট তিন জনকে আসামি করে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী ঐ স্কুলছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।