টানা বর্ষণে লোহাগাড়ার ৬টি সড়ক ও ৫টি বক্স কালভার্ট ক্ষতিগ্রস্ত

সম্প্রতি অতি বর্ষণ ও বন্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সড়ক, বক্স কালভার্ট, খালের বেড়িবাঁধ ও খাল সংলগ্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যাতায়াত ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নে উপজেলা সড়কের দৈর্ঘ্য ৬০.১৬ কিলোমিটার, ইউনিয়ন সড়কের দৈর্ঘ্য ৬৩.২৪ কিলোমিটার, গ্রামীণ সড়কের (এ ক্যাটাগরির) দৈর্ঘ্য ১৭৪.৫৫ কিলোমিটার ও গ্রামীণ সড়কের (বি ক্যাটাগরির) দৈর্ঘ্য ৮৮১.৭৬ কিলোমিটার। টানা বর্ষণ ও বন্যায় উপজেলায় এলজিইডির ৬টি সড়ক ও ৫টি বক্স কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

সড়কগুলো হলো—মনুফকির হাট জিসি হতে চরম্বা নয়াহাট আরএইচডি ভায়া উপজেলা হেড কোয়ার্টার সড়ক, আমিরাবাদ আলুর ঘাট সড়ক, বড়হাতিয়া এশাতুল উলুম মাদ্রাসা সড়ক, পদুয়া হরিমন্দির বড়পাড়া সড়ক, চুনতি রোসাংগার ঘোনা ফরেস্ট অফিস সড়ক, আমিরাবাদ আরএইচডি হতে লোহাগাড়া ইউপি ভায়া দরবেশ হাট ডিসি সড়ক এবং ক্ষতিগ্রস্ত বক্স কালভার্টগুলো হলো —আমিরাবাদ টংকাবতী মুখ হতে কিয়াজুপাড়া ভায়া উপজেলা হেডকোয়ার্টার সড়কে ৮৯২০ মিটার চেইনেজ বক্স কালভার্ট, নেয়াজর টেক হতে টংকাবতী ফরেস্ট অফিস ভায়া কানুরাম বাজার সড়কে ৬৯০ মিটার চেইনেজ কালভার্ট, পুটিবিলা সুফি ফকির জিপিএস হতে সরাইয়া রামবিলা সড়কে ৩৪০ মিটার চেইনেজ কালভার্ট, চুনতি ফারেঙ্গা মন্ডুলার চর সড়কে ১৯৯৫ মিটার চেইনেজ কালভার্ট ও চুনতি ফারেঙ্গা মন্ডুলার চর সড়কে ২৯২০ মিটার চেইনেজ বক্স কালভার্টের উইং ওয়াল।

এতে ক্ষতি হয়েছে প্রায় ২ কোটি ১৭ লাখ ৮৫ হাজার টাকা। এছাড়াও উপজেলার আধুনগর এলাকার ডলু খাল পাড় সংলগ্ন গারাঙ্গিয়া-রশিদিয়া সড়ক ও ডলুর পাড় সংলগ্ন উত্তর হরিণা নজির আহমদ শাহ সড়কের বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে। টানা বর্ষণে  ক্ষতিগ্রস্ত ও বেহাল দশায় পরিণত হয়েছে উপজেলার পুটিবিলা মুক্তিযোদ্ধা সড়ক, পূর্ব কলাউজান গাবতলী সড়ক ও আমিরাবাদ রাউজন্যা পাড়া সড়ক।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, জিওবি প্রকল্পের আওতায় এসব সড়ক ও কালভার্টের প্রাক্কলন করা হয়েছে। প্রাক্কলন অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।