অস্ত্র ও ইয়াবাসহ উখিয়ার ইউপি সদস্য আটক

উখিয়ার ক্রাইম স্পট ইয়াবার বাজার খ্যাত পালংখালী ইউনিয়নের ইউপি সদস্য শীর্ষ ইয়াবা পাচারকারী জয়নাল আবেদীনকে শুক্রবার সকালে কক্সবাজার গ্রীন কটেজ এলাকা থেকে এক নারীসহ আটক করেছে কক্সবাজার থানা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশি তৈরি বন্দুক ও ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট।

কক্সবাজার থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার দে জানান, ধৃত ইউপি সদস্যের সঙ্গে থাকা বগুড়া আদমদীঘি থানার মোড়ল বাজার এলাকার মো. আব্দুল হাইয়ের মেয়ে জিন্নাতুন নেছা ইয়াবার চালান পাচার করে আসছিল দীর্ঘদিন ধরে।

কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার জানান, ধৃত ইয়াবা কারবারি জয়নাল আবেদীনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে আরো দুটি মামলা দায়ের করা হয়েছে। জয়নাল আবেদীন পালংখালী তাজনিমার খোলা গ্রামের মো. হোসেনের ছেলে। সে পালংখালী ৪নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। আইনপ্রয়োগকারী সংস্থার গ্রেফতার এড়াতে সে কক্সবাজারে আত্মগোপন করছিল বলে জানা গেছে। তার গ্রেফতারের খবর পেয়ে থাইংখালীর ছোটো বড়ো মাঝারি ধরনের ইয়াবা কারবারিরা গ্রাম ছেড়ে পালিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।