বন্যার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

বন্যার পানিতে ও পুকুরে ডুবে গত শুক্র ও শনিবার তিন শিশুর মৃত্যু হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

ফুলবাড়ী (কুড়িগ্রাম):ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সাথী খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর-গোরকমন্ডল গ্রামের সোলেমানের মেয়ে। শুক্রবার বিকালে বাফড়র উঠানে খেলতে খেলতে সবার অজান্তে ডোবার পানিতে ডুবে তার মৃত্যু হয়।

খালিয়াজুরী (নেত্রকোনা):খালিয়াজুরীতে বন্যার পানিতে ডুবে জয় সরকার (২) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার নগর ইউনিয়নের আদমপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। জয় ওই গ্রামের গ্রাম পুলিশ বিজয় সরকারের একমাত্র ছেলে।

নগর ইউপি চেয়ারম্যান হরিধন সরকার জানান, বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় বন্যার ভাসান পানিতে সে পড়ে যায়। জয়কে উদ্ধার করে দ্রুত খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী (কুড়িগ্রাম): নাগেশ্বরীতে বন্যার পানিতে ডুবে দেড় বছরের এক শিশু মারা গেছে। শনিবার সকালে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের নামার চর গ্রামের নুর আলম ও হোসনা বেগমের দেড় বছর বয়সী শিশু হোসেন আলী তার জমজ ভাইসহ ঘরের ভিতরে চৌকির ওপর খেলা করছিল। এক সময় সকলের অগোচরে সে চৌকি থেকে ঘরের মেঝের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন ঘরের এক কোণা থেকে শিশুটির লাশ উদ্ধার করে। কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান ব্যাপারী এর সত্যতা নিশ্চিত করেন।

ব্রহ্মপুত্র নদে ডুবে একজনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কাওসার (১৮) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌর শহরের পাথালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক জামালপুর পৌর শহরের পাথালিয়া বকুলতালা এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে।